চট্টগ্রামের সেই পুলিশ সুপার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

আওয়ামী লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ

চট্টগ্রামের সেই পুলিশ সুপার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

ফন্ট সাইজ:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ, পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। শনিবার রাতে নগরীর পাঁচলাইশ এলাকার পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের বিশেষ রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশ।

এর আগে তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর শনিবার রাতেই মামলাটি নথিভুক্ত করা হয়।
পুলিশ সূত্র জানায়, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং পুলিশের গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের অভিযোগ ওঠার পর থেকেই জাহাঙ্গীর আলমের ওপর নজরদারি শুরু হয়। গত মঙ্গলবার তার দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় পাঠানো হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদও করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, জাহাঙ্গীর আলমের মুঠোফোন থেকে পাঠানো একটি বার্তায় আগামী ডিসেম্বরে জনগণকে ‘মৌমাছির মতো’ মাঠে নামার আহ্বান জানানো হয়। একই বার্তায় ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের প্রসঙ্গ টেনে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হওয়ার কথা বলা হয়। বার্তার শেষাংশে বাংলাদেশকে ‘উদ্ধার’ করার কথাও উল্লেখ ছিল।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর মামলা দায়ের করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
এদিকে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও চলমান রয়েছে। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম তদন্তের দায়িত্ব পালন করছেন। মামলাটি পুলিশের বিশেষ রেসপন্স ইউনিট অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন।
এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তারের পর বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।