বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের মৌচাক এলাকায় আজও মহাসড়কে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে বিক্ষোভ করেন তারা। এ সময় সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিক্ষোভের পর আশপাশের ৮টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
শ্রমিক বিক্ষোভের জেরে মহাসড়কে প্রায় আধ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে সকাল সাড়ে ৮টার দিকে মৌচাক এলাকার ৫টি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে শ্রমিকেরা সরে গেলে ৯টার দিকে ফের যান চলাচল শুরু হয়।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, ‘৮টি কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিক পক্ষ। এছাড়া অন্যান্য কারখানায় সকাল ৮টা থেকে উৎপাদন কার্যক্রম চলছে। মৌচাক এলাকায় কিছু সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেয়।’
অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ, থানা পুলিশ, বিজিবি, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেরা দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।
গাজীপুরে মহাসড়কে বিক্ষোভ পোশাকশ্রমিকদের, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
অনলাইন
১২ মিনিট আগে
১৫ নভেম্বর (রবিবার), ২০২৬, ১০ঃ২৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
