টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুর

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুর

ফন্ট সাইজ:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার, কুশলী বাজার ও বর্ণি বাজারে এ ঘটনা ঘটে। বিএনপির এক নেতার অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, ‘টুঙ্গিপাড়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি আমি জেনেছি।’

সকালে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মোল্লা মানবজমিনকে বলেন, ‘উপজেলা যুবদল কার্যালয়, কুশলী ইউনিয়ন কার্যালয়, বর্ণি ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ বিএনপি নেতাকর্মীদের বেশ কিছু দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা।

তার অভিযোগ, সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই তাণ্ডব চালায়।

টুঙ্গীপাড়া থানার ওসি আইয়ুব আলী সন্ধ্যার পরে বেশ কয়েকটি মিছিল বের হওয়ার তথ্য দিয়ে নিশ্চিত করলেও ভাঙচুর, অগ্নিসংযোগের কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি বলে দাবি করেছেন।

নিলফা বাজারের একজন প্রত্যক্ষদর্শী বলেন, রাতে একদল ব্যক্তিকে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করতে দেখা যায়। তারা একপর্যায়ে বাজারের বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীদের দেখা গেছে।

স্থানীয়রা বলছেন, বর্ণি ইউনিয়ন বিএনপি ও কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে ফোন করা হলে দায়িত্বরত কর্মকর্তা মানবজমিনকে জানান, তারা নিলফা বাজারে আগুনের একটি বিষয় লোকমুখে শুনেছেন। তবে পুলিশি নিরাপত্তা না পাওয়ায় তাদের পক্ষে সেখানে যাওয়া সম্ভব হয়নি। এছাড়া ঘটনাস্থল থেকে কেউ এ বিষয়ে তাদের অবগত করেনি।