ক্লিন ঢাকা ও গ্রিন ঢাকা গড়তে রাজধানীতে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে সম্পৃক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান। এর আগে রাজধানীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংবাদ সম্মেলনে মীর শাহে আলম বলেন, সভায় অনেকগুলো সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে কমিটিগুলো উপস্থাপন করেছেন। এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি; যেটি প্রধানমন্ত্রী একসেপ্ট করেছেন। উনি নিজে এ ব্যাপারে গুরুত্বরোপ করেছেন। সেটি হচ্ছে সিনিয়র সিটিজেনের মধ্যে ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী যারা ঢাকা শহরে বসবাস করেন, অভিজ্ঞতাসম্পন্ন লোকজন। প্রধানমন্ত্রী আজকে অনুশাসন জারি করেছেন, আমরা প্রত্যেক পাড়া-মহল্লায় এই অবসরপ্রাপ্ত কর্মকর্তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করবো। মহল্লায় বিভিন্ন কমিটি গঠন হবে। যে কমিটিতে তারা উপদেষ্টা কিংবা দায়িত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করবেন। তাদের সঙ্গে তরুণদের আমরা সম্পৃক্ত করতে চাই।
তিনি বলেন, এই ব্যক্তিগুলো প্রত্যেক মহল্লায় এবং ওয়ার্ডে সচেতনমূলক যে কার্যক্রমগুলো, আমরা যে সরকারিভাবে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ, আবর্জনা পরিষ্কার এবং ফুটপাথ মুক্ত করার ব্যাপারে পদক্ষেপ, ময়লা কীভাবে বাসাবাড়ি থেকে সংগ্রহ করবে- এ সমস্ত বিষয়গুলোর ব্যাপারে সরকারি-কর্মকর্তাদের সঙ্গে অবসারপ্রাপ্ত কর্মকর্তা এবং তরুণদের সম্পৃক্ত করার ব্যাপারে একটি সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করবো। এ সমস্ত অবসারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে, বিশেষ করে ক্লিন ঢাকা ও গ্রিন ঢাকার প্রধানমন্ত্রীর যে অনুশাসন-এই কাজে আমরা তাদেরকে সম্পৃক্ত করতে চাই।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ঢাকা মহানগরসহ সমস্ত মহানগরকে ক্লিন ঢাকা ও গ্রিন ঢাকা করার জন্য প্রধানমন্ত্রী অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন কমিটি কাজ করছে। এরমধ্যে উল্লেখযোগ্য ঢাকা মহানগর পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মনিটরিং করার জন্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকদের নেতৃত্বে উত্তর এবং দক্ষিণ সিটির যে ২০টি আঞ্চলিক অফিস রয়েছে, এই আঞ্চলিক অফিস কেন্দ্রিক একটি করে কমিটি করে দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশের পর, কমিটির সকল সদস্য পুনর্গঠন হওয়ার পরে প্রধানমন্ত্রী কার্যালয়ের ৬০০ সদস্যকে নিয়ে আমরা একটা দিক-নির্দেশনা দিয়েছিলাম যে, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পর্যবেক্ষণ ও সুপারিশ করার ব্যাপারে এই কমিটিগুলো কী দায়িত্ব পালন করবেন। এই দিক-নির্দেশনা দেয়ার পরে গত ২৭শে অক্টোবর থেকে এই কমিটিগুলো আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। এরমধ্যে অনেকগুলো অগ্রগতি হয়েছে।
কমিটি গঠনের পর থেকে কয়টি স্থান পরিদর্শন করা হয়েছে তার তথ্য তুলে ধরেন মীর শাহে আলম।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আব্দুল ওয়াদুদ চৌধুরী, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনিসহ প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
