আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো ভোট চোর, ডাকাত, ষড়যন্ত্রকারী ও ভোট ইঞ্জিনিয়ারকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন জামায়াত আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এখন থেকে হাত মুষ্টিবদ্ধ করতে হবে এবং জনগণকে সংগঠিত করতে হবে। জনগণের প্রতিরোধের মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। গতকাল দুপুরে রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের হলরুমে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
সম্মেলনে বিরোধীদলীয় নেতা বলেন, অনেকে আমাদের বলে, এই সরকারকে এভাবে আর দেশের ক্ষতি করতে কতোদিন আপনারা দেবেন? আমরা বলি, আমরা এক মিনিটও দিতে চাই না। শুধু জনগণ বুঝে নিক, কার কী চেহারা, কার কী চরিত্র। এটা বুঝে নেয়া দরকার।
শফিকুর রহমান বলেন, ইতিহাস বলে জনগণ যখন ঐক্যবদ্ধ হয়, সংগঠিত হয়, তখন কোনো শক্তি ও অস্ত্র জনগণের বিরুদ্ধে কাজ করে না। এটা ভোঁতা হয়ে যায়।
ডিসেম্বর মাস জুড়ে জামায়াতের কর্মসূচি থাকবে উল্লেখ করে জামায়াত আমীর বলেন, সেসব কর্মসূচিকে প্রাণবন্ত করার জন্য আমরা সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বো। কাউকে ঠেকানোর জন্য নয়, ঠেকানোর দরকার পড়বে না।
জামায়াত আমীর আরও বলেন, জনআকাঙ্ক্ষাকে, বিপ্লবীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে চব্বিশের ৫ই আগস্টের রক্তকে সম্মান জানিয়ে জাতীয় ঐকমত্য পরিষদ হয়েছিল। ৩৩টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। সেখানে জুলাই চার্টার রচিত হয়। ঐকমত্যের ভিত্তিতে দু’টি নির্বাচন হবে। একটি সরকার গঠন আরেকটি রাষ্ট্রের সংস্কার বা পরিগঠন। নির্বাচিত হওয়ার পর বর্তমান সরকারি দল একটি মানলেন, আরেকটি মানলেন না, প্রতারণা করলেন। সংকটটি তারাই তৈরি করলো। আমরা এ প্রতারণা মানবো না, জাতিও মানবে না। বিএনপি’র দেয়া ওয়াদা পূরণ করতেই হবে। আমরা জনগণের এ দাবি আদায় করে ছাড়বো। আমরা এ দাবি পরিত্যক্ত হতে দেবো না। সরকার এ দাবিকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধন সংশোধন চিৎকার করে যাচ্ছে।
সংবিধান প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, সংবিধান সংশোধনের জন্য গণভোট হয়নি, ৭০ ভাগ মানুষ রায় দেয়নি। বিএনপি গণতান্ত্রিক দল হয়ে থাকলে গণভোটের রায় উপেক্ষা করতে পারে না। কার্যত বিএনপি জনগণকে অপমান করছে। নির্বাচনী ব্যবস্থার উপরে কুঠারাঘাত করছে। মানুষের আস্থার ভিত ধ্বংস করে দিচ্ছে সরকার। যে জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। ফ্যসিবামুক্ত বাংলাদেশ গঠনে কারও সঙ্গে আমরা আপস করবো না।
ফ্যাসিবাদের কথা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ একটি ভাইরাস, যার মধ্যে এটির লক্ষণ দেখা যায় তাকেই ফ্যাসিবাদ বলা যাবে। বর্তমান সরকারের মধ্যে এর প্রচুর লক্ষণ দেখা যাচ্ছে। আমরা সাত দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আমরা দেশের জনগণের ভালোবাসায় অবিভূত। বিভাগীয় পর্যায়ে আমাদের সমাবেশ ও লংমার্চ হয়েছে। এসকল কর্মসূচিতে জনগণের ব্যাপক সাড়া পেয়েছি। আমাদের দাবিগুলো কোনো দলের নয়, আপামর জনতার। দাবিগুলো জনগণের ভোটাধিকার, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার আদায়ের।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা জনগণের সঙ্গে দ্বিচারিতা করে ক্ষমতায় বসেছে, তাদের দিয়ে জুলাইয়ের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে বলে মনে হয় না। তারা হয় সংসদে নিয়মতান্ত্রিক উপায়ে গণভোটের রায় মানতে বাধ্য হবে, আর সংসদে সমাধান না হলে ফয়সালা হবে রাজপথে।
জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, বিপ্লব একটি হবে সেটি হবে ইসলামী বিপ্লব।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আমরা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আগামী দিনে একটি ন্যায় ও ইনসাফপূর্ণ, আধুনিক, মানবিক, সুন্দর ও শান্তির বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। এই বাংলাদেশকে আমরা আগামী দিনে চাঁদাবাজমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। গত ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে অনেক কারসাজি করে, অনেক ইঞ্জিনিয়ারিং করে আমাদের বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে।
কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি ও সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রতিনিধি সম্মলেনের সভাপতিত্ব করেন। এ ছাড়াও সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার, জামায়াতের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, কামাল হোসেন, আবদুল বাতেন ও মীর আহমাদ বিন কাসেম (আরমান), বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ, ডাকসু’র ভিপি আবু সাদিক (সাদিক কায়েম) প্রমুখ।
