ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপিতে মূল্যায়িত হবে ত্যাগীরা

ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপিতে মূল্যায়িত হবে ত্যাগীরা

ফন্ট সাইজ:

আহ্বায়ক কমিটি গঠনের পর থেকেই নতুন করে সাংগঠনিক তৎপরতা শুরু করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে মহানগরকে নতুন নেতৃত্বের অধীনে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হচ্ছে। পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়েও চলছে জোর প্রস্তুতি। এরই মধ্যে কমিটিতে সম্ভাব্য নেতাদের বিষয়ে চলছে যাচাই-বাছাই। কারা আসছেন নতুন কমিটিতে, কারা বাদ পড়ছেন- তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা ত্যাগী, পরীক্ষিত ও যোগ্য নেতাদের মূল্যায়নের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। পাশাপাশি ৫ই আগস্টের পর চাঁদাবাজি, দখলবাজি কিংবা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের নতুন কমিটিতে না রাখার বিষয়ে কঠোর অবস্থান নেয়া হচ্ছে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র সূত্রে জানা গেছে, উত্তর বিএনপি’র ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে গঠনের প্রস্তুতি নেয়া হচ্ছে। অন্যদিকে, দক্ষিণের কমিটিও দ্রুততম সময়ের মধ্যে ঘোষণা করা হবে। দক্ষিণের কমিটি হতে পারে ৭১ থেকে ১০১ সদস্যবিশিষ্ট। দুই মহানগরের কমিটি গঠনকে কেন্দ্র করে ইতিমধ্যে সাংগঠনিক তৎপরতা বেড়েছে। সম্ভাব্য পদপ্রত্যাশীদের আন্দোলন ও সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, দলের প্রতি আনুগত্য এবং ৫ই আগস্টের পর কর্মকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে উত্তর ও দক্ষিণ বিএনপি’র কয়েকজন নেতার সঙ্গে কথা হয়েছে মানবজমিনের। তারা জানিয়েছেন, উত্তর ও দক্ষিণ বিএনপি’র কমিটি গঠনের মধ্যদিয়ে একদিকে যেমন দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষিত ও যোগ্য নেতাদের মূল্যায়ন করা হবে। অন্যদিকে, বিতর্কিত ও অপরাধে জড়িত ব্যক্তিদের বাদ দিয়ে পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই চলছে যাচাই-বাছাই।

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক শফিকুল ইসলাম খান মানবজমিনকে বলেন, দুই সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি দেয়ার বিষয়ে আমরা কাজ করছি। প্রক্রিয়া শেষ করে আমরা বিএনপি’র চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শ ও নির্দেশনার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো। আর কমিটিতে অবশ্যই দলের যোগ্য এবং ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে। একইসঙ্গে যারা কর্মকাণ্ডের মাধ্যমে দলের ভাবমূর্তি রক্ষা করবে এবং যাদের দল এবং নিজ এলাকায় গ্রহণযোগ্যতা রয়েছে তাদেরকেও কমিটিতে মূল্যায়ন করা হবে।

উত্তর বিএনপি’র সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেন মানবজমিনকে বলেন, বিগত আন্দোলন ও সংগ্রামে যারা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরকে কমিটিতে মূল্যায়ন করা হবে। একইসঙ্গে দলের প্রতি যারা কমিটেট তাদেরকেও মূল্যায়ন করা হবে।
ওদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব তানভীর আহমেদ রবিন মানবজমিনকে বলেন, যত দ্রুত সম্ভব আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো। কমিটিতে অবশ্যই ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়ন করা হবে। আর বিগত দিনে যাদের জন্য দলের দুর্নাম হয়েছে, তাদের কমিটিতে রাখা হবে না।

উল্লেখ্য, গত ১লা নভেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপি’র দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটিতে শফিকুল ইসলাম খানকে আহ্বায়ক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে তাদের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়। ওদিকে, ৮ই নভেম্বর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়। এই কমিটিতে আবদুস সালামকে আহ্বায়ক, আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে।