শাহপরান (রহ:)’র মাজারে আয় ব্যয়ের হিসাবও এলোমেলো

শাহপরান (রহ:)’র মাজারে আয় ব্যয়ের হিসাবও এলোমেলো

ফন্ট সাইজ:

সিলেটের দু’টি মাজার ব্যবস্থাপনা ও আয়-ব্যয়ের হিসাব সংক্রান্ত কার্যক্রম শুরু করেছিলেন সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম। হযরত শাহজালাল (রহ.)’র মাজারে কার্যক্রম শুরুর পর গত বছরের ১৯শে জুন গিয়েছিলেন হযরত শাহপরান (র.)’র মাজারে। সেখানে মাজার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে তিনি নতুন করে দানবাক্স বসাতে কিছু নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশনা বাস্তবায়নের আগেই সিলেট থেকে বদলি হয়ে যান ডিসি সারওয়ার আলম। ফলে আগের মতোই এলোমেলোভাবে চলে এ মাজারের ব্যবস্থাপনা ও আয়-ব্যয়ের কার্যক্রম। চাঞ্চল্যকর তথ্য মিলেছে মাজারের আয়-ব্যয়ের হিসাবে।

এক বছরের আয়-ব্যয়ের হিসাবে দেখা গেছে; মাজারে দানের টাকায় আয় হয়েছে ৫৪ লাখ টাকা। সমপরিমাণ ব্যয়ও দেখা হয়েছে। ওয়াক্‌ফ প্রশাসনে কাছে দেয়া হিসাবে এ তথ্য জানা গেছে। ওয়াক্‌ফ প্রশাসন সিলেটের ইন্সপেক্টর সজল মিয়া মানবজমিনকে জানান, মাজার কর্তৃপক্ষই দানের সব টাকা তোলেন- তারাই গণনা করেন। সেই টাকার যে হিসাব দিয়েছেন সেখানে তারা এই টাকা উল্লেখ করেছেন। সমপরিমাণ ব্যয়ের কথা উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, যেহেতু কার্যক্রমের সঙ্গে প্রশাসনের কারও সম্পৃক্ততা নেই- সে কারণে তাদের হিসাবই বছর বছর মেনে নেয়া হচ্ছে। বাস্তবে কী হচ্ছে সেটি নিয়ে প্রশ্ন থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখবেন বলে জানান তিনি। মাজারের খাদেম, মসজিদের খতিব ও ইমাম মাওলানা আব্দুন নুর জানান- বছরের হিসাব বছরেই ওয়াক্‌ফ প্রশাসনে দাখিল করা হয়। গত বছর আয়-ব্যয় সমান হলেও এর আগে কয়েক বছর আয় হয়েছে।

সব বছরের হিসাব একইভাবে সমান যায় না। এদিকে শাহপরান (র.)’র মাজার ব্যবস্থাপনা নিয়ে সম্প্রতি সময়ে বিরোধ আরও চাঙা হয়েছে। মোতাওয়াল্লী ও খাদেম অংশের সঙ্গে স্থানীয় এলাকাবাসীর বিরোধ পুরনো। প্রায় ৪০ বছর ধরে এই বিরোধ চলমান। এ নিয়ে উচ্চ আদালত পর্যন্ত মামলা গড়িয়েছে একাধিকবার। এবার গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ফের মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন তোলেন এলাকাবাসী। অভ্যুত্থান পরবর্তী সময়ে ওরসের পবিত্রতা নিয়ে ক্ষুব্ধ হন আলেম সমাজ। তাদের কঠোর অবস্থানের কারণে গত দুই বছর ধরে ওরসে গান-বাজনা হচ্ছে না। প্রায় দুই বছর আগে তৌহিদী জনতার আন্দোলনের সময় স্থানীয় প্রশাসনের নির্দেশে বিষয়টি নিয়ে তদন্ত করেছিলেন সিলেটের ওয়াক্‌ফ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। ২০২৪ সালের ১৯শে সেপ্টেম্বর তদন্তে সামগ্রিক বিষয় তুলে ধরে তিনি প্রতিবেদন দাখিল করেছিলেন। ওই প্রতিবেদনে তিনি মাজার ব্যবস্থাপনায় নতুন করে কমিটি গঠন ও আয়-ব্যয়ের স্বচ্ছতা আনার সুপারিশ তুলে ধরেন। তার এই সুপারিশের প্রেক্ষিতে তৎকালীন সিলেটের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক ব্যবস্থাপনায় নতুন কমিটি গঠনের পরামর্শ চেয়ে ওয়াক্‌ফ প্রশাসনে একটি পত্র প্রেরণ করেন। ওয়াক্‌ফ প্রশাসন পরবর্তীতে আইনি পরামর্শ চেয়ে আইন মন্ত্রণালয়ের পত্র দেন।

সূত্র বলছে; ২০২৪ সালের ৩রা ডিসেম্বর আইন মন্ত্রণালয় থেকে নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন ও আয়-ব্যয়ের হিসাবে নতুন করে কার্যক্রম শুরু করার আইনি কোনো বাধা নেই জানিয়ে ওয়াক্‌ফকে উত্তর জানায়। তবে রহস্যজনক কারণে ওই চিঠির কোনো কার্যক্রম চালায়নি ওয়াক্‌ফ প্রশাসন। এদিকে মাজার ব্যবস্থাপনায় কমিটি ও আয়-ব্যায়ের হিসাবে দুর্নীতিসহ নানা অভিযোগ তুলে স্থানীয় শাহপরান (র.) আবাসিক এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম ৪ঠা সেপ্টেম্বর ওয়াক্‌ফ প্রশাসনে একটি পত্র দেন। ঢাকার নির্দেশে সেই অভিযোগে তদন্ত শুরু করেছিলেন সিলেটের ওয়াক্‌ফ ইন্সপেক্টর সজল মিয়া। এদিকে তদন্তকালেই মাজার কর্তৃপক্ষ ওয়াক্‌ফ কর্মকর্তা সজলের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। পরবর্তীতে তদন্তে সজল মিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা মেলেনি। এ ঘটনার পর সজল মিয়া নিজেকে তদন্ত কার্যক্রম থেকে বিরত রাখতে সিলেটের জেলা প্রশাসককে অনুরোধ করেন। সরাসরি তদন্ত কর্মকর্তাকে আক্রান্ত করায় শাহপরান এলাকার স্থানীয় বাসিন্দারা গত বছর মাজারের মোতাওয়াল্লী ও খাদেম অংশের নানা দুর্নীতি, মাজার ব্যবস্থাপনার অভিযোগ তুলে ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে একাধিক স্মারকলিপি পেশ করেন। এই অবস্থায় মাজারের বর্তমান কার্যক্রম নিয়ে বিবদমান অবস্থা, একাধিক অভিযোগের সত্যতা জানতে সিলেটের জেলা প্রশাসক ইসলামী ফাউন্ডেশনের পরিচালক ড. শাহ এমরানকে নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছেন। ড. এমরান শনিবার সন্ধ্যায় মানবজমিনকে জানান, তদন্ত চালাতে তিনি আরও দুই কর্মকর্তার সহযোগিতা চেয়েছেন।

জেলা প্রশাসক দুই কর্মকর্তাকে তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করার আদেশ দিয়েছেন। সেই আদেশ তার কাছে এলে তিনি তদন্ত কমিটির প্রধান হিসেবে আরও দুই কর্মকর্তাকে নিয়ে বৈঠক করে পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন। এদিকে সিলেটের শাহজালাল (র.) মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের স্বচ্ছতার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপে সব কিছু স্বাভাবিক হচ্ছে। এই অবস্থায় শাহপরান (র.) মাজার ব্যবস্থাপনায় মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। স্থানীয় ব্যবসায়ী ও বিএনপি নেতা তাজুল ইসলাম জানান, মাজারে যে আয় দেখানো হচ্ছে সেটি দানের টাকার সঙ্গে মিল খুঁজে পাওয়া যাবে না। সব টাকা লুটপাট হচ্ছে বলে স্থানীয়রা মনে করছেন। ফলে প্রশাসনের হস্তক্ষেপে মাজার পরিচালনায় স্বচ্ছতা আনতে আমরা আবেদন করে সরকারের কাছে দাবি জানিয়েছি। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী মানবজমিনকে জানান, শাহপরান (র.) মাজার ব্যবস্থাপনার বিষয়টিতে তারা আপাতত হাত দিচ্ছেন না। যদি উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয় তখন বিষয়টি দেখবেন বলে জানান তিনি।