রাজনৈতিক স্বার্থে এবং তথাকথিত উন্নয়নের বয়ান প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার বাড়িয়ে দেখানো হয়েছে। ২০১৪-১৫ অর্থবছর থেকে প্রকৃত হিসাবের তুলনায় প্রবৃদ্ধি ০.৮ থেকে ১.৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বেশি দেখানোর তথ্য উঠে এসেছে বিশেষজ্ঞ কমিটির ফরেনসিক অডিটে। বিশেষ করে উৎপাদনশিল্পের কয়েকটি উপখাতের উৎপাদন ও মূল্য সংযোজনের তথ্য অতিরঞ্জিত করে সামগ্রিক প্রবৃদ্ধির চিত্র উঁচুতে তুলে ধরা হয়েছিল। এতে অর্থনীতির প্রকৃত অবস্থার প্রতিফলন ঘটেনি বলে মনে করছে কমিটি।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সম্মেলনকক্ষে ‘পিয়ার রিভিউ অব ফরেনসিক অডিট রিপোর্ট অন জিডিপি এস্টিমেটস’ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনা প্রতিবেদন উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক। কমিটির অপর সদস্য ছিলেন বিআইডিএসের গবেষণা পরিচালক ড. অতনু রব্বানী।
সেমিনারে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, রাজনৈতিক স্বার্থে অতীতে জিডিপি’র পরিসংখ্যান বাড়িয়ে দেখানো হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরের পর থেকে তথ্যের অতিমূল্যায়নের প্রবণতা বেশি ছিল। পতিত সরকার এসব পরিসংখ্যান ব্যবহার করে উন্নয়নের রাজনৈতিক বয়ান তৈরি করেছে। বিবিএসের নিজস্ব জরিপের তথ্যের তুলনায় প্রশাসনিক ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান থেকে সংগৃহীত উপাত্তে বিকৃতির সুযোগ বেশি ছিল। এ সুযোগ কাজে লাগিয়ে সাতটি খাতের তথ্যে মনগড়া উপাত্ত যুক্ত করে জিডিপি’র আকার ও প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে। বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন অনুযায়ী, ২০১০-১১ থেকে ২০১৩-১৪ অর্থবছর পর্যন্ত চার বছরে দেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬.২৭ শতাংশ। পরবর্তী পাঁচ বছর, অর্থাৎ ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ অর্থবছরে এ হার বেড়ে দাঁড়ায় ৭.৩৯ শতাংশে। দুই মেয়াদের গড় প্রবৃদ্ধির ব্যবধান ১.১২ শতাংশীয় পয়েন্ট। কোভিড মহামারির প্রভাব বিবেচনায় ২০১৯-২০ অর্থবছরকে তুলনামূলক বিশ্লেষণের বাইরে রাখা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় মেয়াদে প্রবৃদ্ধি বৃদ্ধির প্রায় ৪১ শতাংশ এসেছে উৎপাদনশিল্প বা ম্যানুফ্যাকচারিং খাত থেকে। দুই মেয়াদের সামগ্রিক প্রবৃদ্ধির ব্যবধানের মধ্যে এ খাতের অবদান ছিল ০.৪৬২৭ শতাংশীয় পয়েন্ট। প্রথম মেয়াদে উৎপাদনশিল্পের গড় প্রবৃদ্ধি ছিল ৯.৭৬ শতাংশ। পরবর্তী মেয়াদে তা বেড়ে দাঁড়ায় ১২.১১ শতাংশে।
এ ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে মাঝারি ও বৃহৎ শিল্প। কমিটির হিসাব অনুযায়ী, উৎপাদনশিল্পের প্রবৃদ্ধি বৃদ্ধিতে এ শ্রেণির প্রতিষ্ঠানের অবদান প্রায় ৭৯ শতাংশ। একই সময়ে জিডিপিতে মাঝারি ও বৃহৎ শিল্পের অংশ ১৫.১৬ শতাংশ থেকে বেড়ে ১৮.২৫ শতাংশে উন্নীত হয়। অন্যদিকে ক্ষুদ্র শিল্পের প্রবৃদ্ধি ৬.৮৫ শতাংশ থেকে বেড়ে ৯.৫২ শতাংশে পৌঁছালেও সামগ্রিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে তাদের অবদান ছিল তুলনামূলকভাবে কম। শিল্প উৎপাদনের কোয়ান্টাম ইনডেক্স অব ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন (কিউআইআইপি)-এ তৈরি পোশাক খাতের ওজন ৩৪ দশমিক ৮৪ শতাংশ। অথচ প্রথম মেয়াদে এ খাতের গড় প্রবৃদ্ধি ছিল ১৩ দশমিক ৫৫ শতাংশ, যা দ্বিতীয় মেয়াদে কমে দাঁড়ায় ৮ দশমিক ৬৯ শতাংশে।
বিপরীতে উৎপাদনশিল্পের ২২টি উপখাতের মধ্যে ১৬টিতে প্রবৃদ্ধির বড় উল্লম্ফন দেখানো হয়েছে। এর মধ্যে সিমেন্ট ও ইট উৎপাদনসংশ্লিষ্ট অন্যান্য অধাতব খনিজ খাতের প্রবৃদ্ধি ২ দশমিক ৩২ শতাংশ থেকে বেড়ে ২৫ দশমিক ৬৭ শতাংশে পৌঁছায়। টেক্সটাইল খাতের প্রবৃদ্ধিও প্রায় শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ থেকে বেড়ে ৮ দশমিক ১৪ শতাংশ দেখানো হয়। এ ছাড়া পরিবহন সরঞ্জাম, যন্ত্রপাতি ও ইলেকট্রনিকস খাতের প্রবৃদ্ধিতে যথাক্রমে ৩৮ দশমিক ৯, ৩০ ও ২৮ দশমিক ৩ শতাংশীয় পয়েন্টের পরিবর্তন দেখা যায়।
