নগর পরিকল্পনায় কার্যকারিতা হারাচ্ছে স্থানীয় সরকার

ফন্ট সাইজ:

নগর উন্নয়নের পরিকল্পনা ও বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে উপেক্ষা। এমনকি নগরীর সার্বিক ইতিবাচক পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ অনেক পরিকল্পনাই স্থানীয় সরকারের কার্যক্রমের মধ্যে নেই বলে মনে করছে বিশেষজ্ঞরা। তারা বলেন, কেন্দ্রীয় উন্নয়ন কর্তৃপক্ষের একক সিদ্ধান্ত, আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক দলীয়করণের কারণে সিটি করপোরেশন ও পৌরসভাগুলো কার্যকারিতা হারাচ্ছে। সিটি করপোরেশনকে ময়লা পরিষ্কার ও মশা নিধনের সংস্থায় পরিণত করা হচ্ছে। এতে নগর পরিকল্পনায় নাগরিকদের অংশগ্রহণ কমার পাশাপাশি বাড়ছে অবকাঠামোগত সংকট ও নাগরিক দুর্ভোগ।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি) আয়োজিত ‘পরিকল্পিত ও টেকসই নগরায়ণে স্থানীয় সরকারের ভূমিকা’-শীর্ষক নগর সংলাপে বক্তারা এসব কথা বলেন। সংলাপের নগর বিশেষজ্ঞ, নগর বিটে কর্মরত সাংবাদিকসহ সাধারণ নাগরিকরা অংশ নেন। সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদ মো. নূরুল্লাহ।

ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, রাজনৈতিক দলীয়করণ ও আমলাতান্ত্রিকতার কারণে স্থানীয় সরকারের প্রতি নাগরিকদের আস্থা কমেছে। নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর না থাকায় পার্ক ও খেলার মাঠ দখল কিংবা সড়ক কাটাকাটির মতো সমস্যায় নাগরিকরা কার্যকর প্রতিকার পাচ্ছেন না। তিনি বলেন, দেশে সব শহরই ধুঁকছে। প্রতিটি শহরের বাতাস, পানি সবকিছুই খারাপ? স্থানীয় সরকারের এসব সমাধানে স্থানীয় সরকারের ভূমিকা আছে কী না, সেটা তারা বিশ্বাসই করে না। তাদের কী পরিকল্পনা, কী কাজ এটা তারা জানে না? তিনি আরও বলেন, স্থানীয় সরকার কতোটা মৃতপ্রায় হলে নাগরিকদের আশা আকাঙ্ক্ষা চাহিদা স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে বলিও না, বিশ্বাসও করি না। কেন তাদের বিশ্বাস করি না? কারণ এই প্রতিষ্ঠানগুলো দলীয়করণ হয়ে যাচ্ছে। স্থানীয় সরকার প্রধানগুলো দলীয় লোকজন নিয়ে ঘুরেন। অথচ স্থানীয় গণ্যমান্য মানুষদের সঙ্গে থাকেন না। স্থানীয় সরকারের ভালোমতো কাজ করতে স্থানীয় সরকারের একটা টিম প্রয়োজন। স্থানীয় পর্যায়ে ওয়ার্ড কাউন্সিলরসহ গণ্যমাম্য ব্যক্তিদের নিয়ে এই টিম বানাতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়নে সমন্বয়ের অভাব রয়েছে। শুধু মাস্টার প্ল্যান প্রণয়ন করলেই হবে না, তা বাস্তবায়নে ওয়ার্ডভিত্তিক কর্মপরিকল্পনা থাকতে হবে। শহরের সড়ক, ড্রেনেজ, ফুটপাথ ও অন্যান্য অবকাঠামোর তথ্য মানচিত্র ও ডেটাবেজে সংরক্ষণ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদ মো. নূরুল্লাহ বলেন, বাংলাদেশে অনেকগুলো পৌরসভা আছে, যা পরিচালনা করার জন্য আলাদা অধিদপ্তর নেই। ফলে দেশের পরিকল্পনা আইন থাকলেও সুষ্ঠু পরিকল্পনা সম্ভব নয়। দেশে ৫ হাজার ৪৭৯টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তদারকিতে স্থানীয় সরকার বিভাগের জনবল মাত্র ৯০ জন। পৌরসভাগুলোতেও অনুমোদিত পদের অর্ধেকের বেশি শূন্য রয়েছে। ফলে পরিকল্পিত নগরায়ণ বাধাগ্রস্ত হচ্ছে।

সংলাপ শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ৫ সাংবাদিককে বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৬ দেয়া হয় এবং ‘ঢাকাই’ ম্যাগাজিনের ৬ষ্ঠ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এবারের বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ডে একাধিক ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন পাঁচ সাংবাদিক।