ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সাল আমিনকে সংবর্ধনা দিয়েছে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী। সংগঠনটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও শহরের দোয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সাল আমিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। এ সময় শিশুদের হাতে ফুলের ডালা, গাঁদা ফুলের পাপড়ি ও গোলাপ নিয়ে অতিথিকে বরণ করার দৃশ্য ছিল চোখে পড়ার মতো। সংবর্ধনা অনুষ্ঠান শেষে বের করা হয় একটি বর্ণাঢ্য র?্যালি। র?্যালিটি শহরের চৌরাস্তা ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো দোয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে শিশু-কিশোর, তরুণসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। র?্যালিতে নাচ-গান ও আনন্দ-উল্লাসে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা।
আয়োজকরা জানান, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে সৌহার্দ্য, সমপ্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই সংগঠনটির অন্যতম লক্ষ্য। দীর্ঘ ৪২ বছর ধরে এ লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর এমন একটি আয়োজনে অংশ নিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন মির্জা ফয়সাল আমিন। এ অর্জন শুধু তার একার নয়, বরং সবার সম্মিলিত অবদানের ফল বলে মনে করেন তিনি। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ, বর্ণিল র?্যালি ও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
