বিএনপি শিক্ষা-শিক্ষক ও শিক্ষার্থীবান্ধব সরকার: আমান উল্লাহ আমান

বিএনপি শিক্ষা-শিক্ষক ও শিক্ষার্থীবান্ধব সরকার: আমান উল্লাহ আমান

ফন্ট সাইজ:

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপি শিক্ষা, শিক্ষক ও শিক্ষার্থীবান্ধব সরকার। বিএনপি’র সরকার বর্তমান বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। প্রধানমন্ত্রী লন্ডনের আদলে দেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছেন। এর আওতায় শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং দুপুরের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। গতকাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজ মাঠে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিগত সরকারের আমলে কেরানীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজের নাম পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল। কলেজের অধ্যক্ষকে জোর করে স্বাক্ষর নেয়ারও চেষ্টা করা হয়।

আমি অধ্যক্ষকে বলেছিলাম, আপনি বলে দেন, প্রয়োজনে জীবন যাবে, তবুও কলেজের নাম পরিবর্তনে স্বাক্ষর করবো না। শেষ পর্যন্ত তারা কলেজের নাম পরিবর্তন করতে পারেনি। সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের শতভাগ বেতন বাস্তবায়ন করেছিলেন। অথচ বিগত ১৭ বছরে এই কলেজের কোনো উন্নয়ন হয়নি। কলেজ পরিচালনা কমিটির সভাপতি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক। আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ নুরুল আলম তালুকদার, সাবেক অধ্যক্ষ মো. মতিউর রহমান, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন নাহার। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।