নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা এবং নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে স্থায়ী কমিটি গঠনসহ অভ্যন্তরীণ উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। শনিবার পূর্বাচলের ১৩ নম্বর সেক্টরে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ সভায় ক্লাবের সদস্যদের পাশাপাশি রাজধানীর অন্তত ২০টি ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও পরিচালনা পর্ষদের প্রতিনিধিরা অংশ নেন। সভায় পূর্বাচল ক্লাবের এডহক কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ক্লাবের ভবিষ্যৎ সাংগঠনিক কাঠামো, পরিচালনা পদ্ধতি, গঠনতন্ত্র অনুসরণ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন।
তিনি নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে স্থায়ী কমিটি গঠন না হওয়া পর্যন্ত এডহক কমিটির মাধ্যমে ক্লাবের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীলভাবে পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করেন। সভায় অংশ নেয়া ক্লাবগুলোর মধ্যে ছিল- গুলশান ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, ক্যাপিটাল ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, রয়েল ক্লাব, বোর্ড ক্লাব, উত্তরা ক্লাব, ঢাকা ক্লাব, বনানী ক্লাব, ধানমণ্ডি ক্লাব, অফিসার্স ক্লাব, অল কমিউনিটি ক্লাব, ফ্লাইং ক্লাব ও রিয়েল এস্টেট ক্লাবসহ রাজধানীর বিভিন্ন স্বনামধন্য ক্লাবের প্রতিনিধিরা। এ সময় উপস্থিত ছিলেন- ক্লাবের উপদেষ্টা ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, এডহক কমিটির সদস্য সচিব এসএম আবদুল্লাহ বিন শফিক, কমিটির সদস্য ও কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম, সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এবং দৈনিক মানবজমিনের ব্যবস্থাপনা সম্পাদক কে এম বাবর আশরাফুল হকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি। সভায় উপস্থিত সদস্যরা ক্লাবের সাংগঠনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একইসঙ্গে গঠনতন্ত্র অনুসরণ করে একটি সুশৃঙ্খল, কার্যকর ও আধুনিক ক্লাব পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।
