দুই বছরে চসিকের ৭০০ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন রাজস্ব আয় ৫৫৭ কোটি টাকা

ফন্ট সাইজ:

চট্টগ্রাম মহানগরের অবকাঠামোগত উন্নয়নে গত দুই বছরে প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে ৭০০টি উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময়ে সংস্থাটির দেনা ৫৯৬ কোটি টাকা থেকে কমে ৩২৫ কোটি টাকায় নেমেছে। রাজস্ব আয়ও বেড়ে দাঁড়িয়েছে ৫৫৭ কোটি টাকায়। তবে পরিচ্ছন্ন নগরী গড়ার প্রতিশ্রুতি এখনো পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলে স্বীকার করেছেন তিনি। শনিবার নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন শাহাদাত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শাহাদাত হোসেন জানান, গত দুই বছরে ৩৫৭ কিলোমিটার সড়ক উন্নয়ন, ২০টি সেতু, ৬০টি কালভার্ট ও ১২ কিলোমিটার রিটেইনিং ওয়াল নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ১০টি গোলচত্বরের উন্নয়ন ও নির্মাণসহ মোট ৭০০টি প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে চসিকের রাজস্ব আয় হয়েছে ৫৫৭ কোটি টাকা, যা সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ। চট্টগ্রাম বন্দর থেকে গৃহকর আদায় ৪৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ২২৪ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এ ছাড়া ৩৬টি বেসরকারি কন্টেইনার ইয়ার্ডকে পৌরকর মূল্যায়নের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। যানজট নিরসনে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। এর মধ্যে চারটির কাজ শেষ, ১৫টির নির্মাণ চলছে এবং বাকি ১৭টির দরপত্র প্রক্রিয়া চলমান। কুলগাঁওয়ে তৃতীয় বাস টার্মিনালের কাজও শেষ পর্যায়ে। জলাবদ্ধতা নিরসনে ৭০ শতাংশ অগ্রগতি হয়েছে দাবি করে তিনি জানান, নগরের প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার নালা প্রতি বছর পরিষ্কার করা হচ্ছে। নাগরিক সেবা সহজ করতে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে ছয় হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৪ হাজার ২০০টি নিষ্পত্তি করা হয়েছে। ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ নির্মাণ পরিকল্পনার অংশ হিসেবে ১১টির কাজ শেষ হয়েছে। তবে নগরবাসীর অসচেতনতা ও যত্রতত্র বর্জ্য ফেলার প্রবণতা পরিচ্ছন্নতা কার্যক্রমে বড় বাধা বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, চট্টগ্রামকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও উন্নয়ন কর্তৃপক্ষসহ সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

নগরের উন্নয়নকাজের যথাযথ প্রচার না হওয়ায় আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, দক্ষিণ পাহাড়তলী ও জালালাবাদ ওয়ার্ডে প্রায় ১০০ কোটি টাকার উন্নয়নকাজ হলেও তা মানুষের সামনে তুলে ধরা হয়নি। চট্টগ্রামকে ‘ওয়ান সিটি টু টাউন’ ধারণায় গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এতে নবায়নযোগ্য জ্বালানি, পাখির অভয়ারণ্য ও বিনোদন পার্ক গড়ে তোলার সুযোগ তৈরি হবে। বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন তিনি।
ফুটপাথ দখল ও পার্কিং সমস্যা সমাধানে হকারদের পুনর্বাসন এবং পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা করার উপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তার মতে, ডা. শাহাদাত একা নগরের সব সমস্যার সমাধান করতে পারবেন না; এজন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলম, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩রা নভেম্বর নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে মেয়র ঘোষিত হওয়ার পর শপথ নেন ডা. শাহাদাত হোসেন। পরে গত ২৫শে অক্টোবর সরকার তাকে চসিকের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।