মুন্সীগঞ্জে আওয়ামী লীগের মিছিল, ৩৭ জন কারাগারে

ফন্ট সাইজ:

মুন্সীগঞ্জ শহরের ধলেশ্বরী নদীপাড়ের মোল্লারচর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার অভিযোগে আটক ৩৫ কিশোরসহ ৩৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার দুপুরে আটক ৩৫ কিশোরকে মুন্সীগঞ্জের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে, বাকি চারজনকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আইরীন আক্তারের আদালতে হাজির করা হয়। আগামী ১৬ই নভেম্বর জামিন শুনানির তারিখ ধার্য করে তাদেরও কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে, শুক্রবার বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ধলেশ্বরী নদীর তীরবর্তী মোল্লারচর এলাকায় তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ৩টি ট্রলারে করে অভিযুক্তরা ধলেশ্বরী নদীর মোল্লারচরে নামে। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দেয় কয়েকজন। পরে তাদের আটক করে স্থানীয়রা। মুহূর্তেই সেখানে হাজির হয় স্থানীয় বিএনপি-ছাত্রদল নেতারা। জানা যায়, ধলেশ্বরী নদীতে নোঙর করা কার্গো জাহাজে জড়ো হয় ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের এই অবস্থান ও কর্মসূচির বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে নদীতীরে পুলিশ অবস্থান করছিল। এ সময় নদীতে ট্রলারে করে দলবেঁধে আসা সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়। পরে স্থানীয় ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা বাকিদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, সর্বমোট ৩৫জনকে আটক করা হয়েছে। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করলে আদালত কারাগারে পাঠানের নির্দেশ দেন।