তামার চালানে মিললো জাহাজের ১০ প্রপেলার ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা

ফন্ট সাইজ:

চট্টগ্রামের একটি অফডকে রপ্তানির জন্য রাখা পণ্য চালান পরীক্ষা করে ঘোষণার বাইরে জাহাজের ১০টি কাটা পাখা (প্রপেলার স্ক্র্যাপ) পেয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্য রপ্তানির ঘোষণা দিয়ে স্থানীয়ভাবে সংগৃহীত ভিন্ন পণ্য বিদেশে পাঠানোর চেষ্টা করছিল রপ্তানিকারক প্রতিষ্ঠান। এ ঘটনায় সরকারের প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা উদ্ঘাটিত হয়েছে। শনিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউজ, আইসিডি, চট্টগ্রামের কমিশনারের নির্দেশনায় গত ১২ই নভেম্বর রাত পৌনে ১০টার দিকে গোল্ডেন কন্টেইনার লিমিটেড নামের একটি অফডকে অভিযান চালায় কাস্টমসের প্রতিরোধ দল। এ সময় রপ্তানিকারক প্রতিষ্ঠান নিলকো অ্যালয়েজ লিমিটেডের (ঘওঅখঈঙ অখখঙণঝ খওগওঞঊউ) একটি পণ্য চালান শতভাগ পরীক্ষা করা হয়। সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট ও অফডক কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে চালানটি পরীক্ষা করে ঘোষিত পণ্যের পরিবর্তে জাহাজের ১০টি কাটা পাখা পাওয়া যায়। ওই চালানে বাছাইকৃত তামা (সোর্টেড কপার) রপ্তানির ঘোষণা দেয়া হয়েছিল। পণ্যগুলোর ঘোষিত রপ্তানিমূল্য ছিল ৩ লাখ ২৬ হাজার ৫৬০ মার্কিন ডলার। এগুলো জাপানে পাঠানোর কথা ছিল।

কাস্টমসের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নিলকো অ্যালয়েজ লিমিটেড বন্ড সুবিধার আওতায় কাঁচামাল হিসেবে তামার স্ক্র্যাপ ও তামার সংকর ধাতুর স্ক্র্যাপ শুল্কমুক্তভাবে আমদানি করে। এসব কাঁচামাল দিয়ে উৎপাদিত বাছাইকৃত তামা রপ্তানির অনুমতি নিয়ে প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট চালান দাখিল করে। তবে কায়িক পরীক্ষায় দেখা যায়, ঘোষিত পণ্যের পরিবর্তে স্থানীয়ভাবে সংগৃহীত জাহাজের ১০টি কাটা পাখা রপ্তানির প্রস্তুতি নেওয়া হয়েছিল। অর্থাৎ, বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্যের পরিবর্তে ভিন্ন উৎস ও প্রকৃতির পণ্য রপ্তানির চেষ্টা করা হয়। কাস্টমস কর্তৃপক্ষের প্রাথমিক মূল্যায়নে, এ ঘটনাকে বন্ড সুবিধার অপব্যবহার এবং শুল্ক-কর ফাঁকির চেষ্টা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে সরকারের আনুমানিক ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির বিষয়টি উদ্ঘাটিত হয়েছে। এ ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে এনবিআর।