শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকার খুবই আন্তরিক: ভূমিমন্ত্রী

ফন্ট সাইজ:

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকার খুবই আন্তরিক। শিক্ষার্থীরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে, সেই পরিবেশ ফেরানো হচ্ছে। শিক্ষার্থীদের একমাত্র উদ্দেশ্য হবে পড়াশোনা। পড়াশোনা করে দেশ জাতি এবং সমাজের জন্য কল্যাণকর কাজ করা। শনিবার দুপুরে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমাদের শিক্ষার্থীরা সারা বিশ্বে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করছে এবং তারা খুবই সুনামের সঙ্গে তাদের উপযুক্ত স্থান অর্জন করেছে। শহীদ মামুন পুলিশ লাইন্স স্কুলে আমরা বড় একটি ভবন নির্মাণ করবো। যার মধ্যদিয়ে শিক্ষার পরিবেশ উন্নত হবে। ইয়েলো বাসের জন্য চেষ্টা করা হবে। এই প্রতিষ্ঠানের সমস্যা আমাদের সবার সমস্যা। শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য আমাদের সবার প্রচেষ্টা থাকবে।

এর আগে তিনি শহীদ ডিআইজি মামুন মাহমুদসহ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। মিনু আরও বলেন, প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া এবং শিক্ষার পরিবেশ বজায় রাখা, প্রকৃত শিক্ষা অর্জন করাÑ এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দায়িত্ব। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান লিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মো. এরশাদ আলী ঈশা।