সিলেটে ডায়াবেটিস দিবসে আলোচনা

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের জন্য প্রতিপাদ্য নির্ধারণ করেছেÑ ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ আর এর সারমর্ম হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে এখনই ব্যবস্থা নেয়া জরুরি। সিলেট ডায়াবেটিক হাসপাতালের প্রধান মেডিকেল কর্মকর্তা (সিএমও) ডা. মো. আব্দুল মুক্তাদির কোরেশী সুমনের পরিচালনায় শনিবার বিশ^ ডায়াবেটিক দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন, সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডা. শিব্বির আহমদ শিবলী। স্বাগত বক্তব্যে ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. ফেরদৌস হাসান বলেন, দেশের ৫৭ ভাগ লোকই জানে না যে তার ডায়াবেটিস আছে কিনা। বাংলাদেশে ডায়াবেটিস রোগীর ৯৭ শতাংশই টাইপ-২। এ ধরনের ডায়াবেটিস প্রতিরোধযোগ্য। পদক্ষেপ নিলে এ রোগকে অনেক বিলম্বিত করা যায়। তাই ডায়াবেটিস প্রতিরোধে গণ সচেতনতা খুবই জরুরি। সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক, কলামিস্ট আফতাব চৌধুরী বলেন, প্রতিদিনের অনিয়মিত খাওয়া-দাওয়া, মাত্রাতিরিক্ত ফাস্টফুড, চিনি, কার্বোহাইড্রেট খাওয়াÑ এসবই কিন্তু বাড়িয়ে দেয় ডায়াবেটিসের আশঙ্কা। প্রতিপাদ্য বিষয়ের ওপর সারগর্ভ বক্তব্য প্রদানকালে সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডা. শামীমুর রহমান বলেন, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি জানিয়েছে, বর্তমানে দেশে প্রায় দেড় কোটি মানুষ ডায়াবেটিসে ভুগছেন এবং সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন, যুগ্ম-কোষাধ্যক্ষ সুমন বণিক, জীবনসদস্য ও সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সহ-সভাপতি শাবিপ্রবি’র সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী ও যুগ্ম-সম্পাদক আবু তালেব মুরাদ প্রমুখ।