পাকা বাড়ি-চাকরির লোভ দেখিয়ে ২ কোটি টাকা নিয়ে উধাও দম্পতি

পাকা বাড়ি-চাকরির লোভ দেখিয়ে ২ কোটি টাকা নিয়ে উধাও দম্পতি

ফন্ট সাইজ:

গাইবান্ধার সাঘাটায় পাকা বাড়ি, সচিবালয়ে চাকরি, রেশন কার্ড আর সেলাই মেশিনের লোভ দেখিয়ে সাঘাটার অন্তত ৫ গ্রামের ৪ শতাধিক নারীর কাছ থেকে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে এক প্রতারক দম্পতি। সর্বস্ব হারিয়ে এখন দিশাহারা ভুক্তভোগীরা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ মাস আগে জুমারবাড়ী ইউনিয়নের বগারভিটা গ্রামের জামিল নামের এক যুবকের বাড়িতে আশ্রয় নেন সেলিম মিয়া ও তার স্ত্রী ববিতা। নিজেদের বাড়ি গাইবান্ধা সদরে বলে পরিচয় দেন তারা। সেলিমের প্রথম স্ত্রী ও সন্তান আছে জানিয়ে দ্বিতীয় স্ত্রী ববিতাকে নিয়ে এলাকায় স্থায়ীভাবে থাকার কথা প্রচার করে স্থানীয়দের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। অভিযোগ, ববিতার ভাই সচিবালয়ে বড় কর্মকর্তা, এমন পরিচয় ব্যবহার করে তারা নানা প্রলোভন দেখাতেন। ২ লাখ ৫০ হাজার টাকা দিলে ১০ লাখ টাকার পাকা বাড়ি, ৭ লাখ টাকায় সচিবালয়ে চাকরি, ৩ হাজার টাকায় রেশন কার্ড আর বিশেষ ব্যবস্থায় সেলাই মেশিন ও প্রশিক্ষণের আশ্বাস দেয়া হতো। বিশ্বাস অর্জনে শুরুতে কয়েকটি বাড়ির নির্মাণকাজ শুরু করেন তারা।

কিছু রেশনসামগ্রীও বিতরণ করেন। এতেই সরল নারীরা বিশ্বাস করে টাকা দিতে শুরু করেন। ভুক্তভোগী সেতু বেগম বলেন, পাকা বাড়ি করে দেয়ার কথা বলে তারা আমার কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা নেয়। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিশ্রুত সুবিধার আশায় অনেকে স্বর্ণালংকার বিক্রি করেছেন, কেউ গরু-ছাগল, হাঁস-মুরগি বিক্রি করেছেন। আবার কেউ চড়া সুদে ঋণ নিয়ে, ধারদেনা করে টাকা দিয়েছেন। এভাবে বগারভিটা, দহিচড়াসহ আশপাশের অন্তত ৫ গ্রাম থেকে প্রায় ২ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হঠাৎ করেই সেলিম ও ববিতার খোঁজ পাওয়া যাচ্ছে না। টাকা হারিয়ে নারীরা দফায় দফায় আশ্রয়দাতা জামিলের বাড়িতে ভিড় করছেন। বাড়ির মালিক জামিল মিয়া বলেন, আমরাও বিষয়টি টের পাইনি। উধাও হওয়ার পরে বোঝা গেল তারা প্রতারক। জুমারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, এ বিষয়ে জানতে পারিনি। খোঁজ নিয়ে বলতে পারবো।