পেকুয়ায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পেকুয়ায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ফন্ট সাইজ:

কক্সবাজারের পেকুয়ায় এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই শিক্ষার্থী চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। গত শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের বদিউদ্দীন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হাবিব উল্লাহ (৩৬) ও তার সহযোগীদের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছে ভুক্তভোগীর পরিবার। অভিযুক্ত হাবিব উল্লাহ ওই এলাকার মৃত নাগু মিয়ার ছেলে। অপর অভিযুক্ত একই এলাকার মুহাম্মদ আলীর ছেলে মুহাম্মদ রশিদ (২৬)। শিক্ষার্থীর মায়ের অভিযোগ, হাবিব উল্লাহ তার সঙ্গে থাকা লোকজন নিয়ে আগে থেকেই বাড়ির সামনে অবস্থান করছিলেন। পরে তার মেয়ে বাড়ি থেকে বের হলে তাকে টানাহেঁচড়া করা হয়। একপর্যায়ে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের উদ্দেশ্যে অন্য কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় শিক্ষার্থীর চিৎকার শুনে তার মা ও পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী জানান, বাড়ি থেকে বের হওয়ার পর অভিযুক্তরা তার পথ আটকে ধরে। এ সময় তাকে টানাহেঁচড়া করে এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। একপর্যায়ে জোর করে অন্য কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করলে সে চিৎকার শুরু করে। পরে তার মা ও পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এমন কোনো অভিযোগ পাইনি এখনো। এ বিষয়ে কক্সবাজারের সহকারী পুলিশ সুপার চকরিয়া সার্কেল আব্দুল আজিজ বলেন, আমি ট্রেনিংয়ে ছিলাম। খোঁজ নিয়ে ব্যবস্থা নেবো।