ব্রাহ্মণপাড়ায় ১২ দোকান পুড়ে ছাই ক্ষতি ৮ কোটি টাকা

ফন্ট সাইজ:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্তরা। গতকাল ভোর ৪টা ১০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে জ্বালানি তেল, গ্যাস সিলিন্ডার, নির্মাণসামগ্রী, টিনের দোকান, সেলুন ও স্টুডিওসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ায় দোকানগুলোর ভেতরে থাকা কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি। এতে ব্যবসায়ীরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে বুড়িচং ও কুমিল্লার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দীর্ঘ চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইকবাল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম জানান, দুর্ঘটনায় ১০-১২টি দোকান পুড়ে যাওয়ার পাশাপাশি কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।