ইরান কিংবা বিদ্রোহী গোষ্ঠী হুতিদের পক্ষ থেকে নতুন কোনো উসকানি না এলে তেহরানে হামলা থেকে বিরত থাকতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন ঊর্ধ্বতন উপদেষ্টাদের এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। এ বিষয়ে অবগত তিনটি সূত্র এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
নতুন হামলার মাধ্যমে যুদ্ধের তীব্রতা বৃদ্ধির হুমকি এবং সংঘাত থামানো—দুই অবস্থানের মধ্যে দোদুল্যমান রয়েছেন ট্রাম্প। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা বলছেন, ইসরাইলের সঙ্গে গত ফেব্রুয়ারিতে যে অজনপ্রিয় যুদ্ধ শুরু করেছেন, তা কীভাবে শেষ করবেন সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি তিনি।
তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে এবং একাধিক গোয়েন্দা ব্রিফিংয়ের পর ট্রাম্প হামলা থেকে আপাতত বিরত থাকার বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বৃহস্পতিবার ক্রীড়া সম্প্রচারক স্টিফেন এ স্মিথকে ট্রাম্প বলেন, ‘আমি চাইলে তাৎক্ষণিকভাবে যুদ্ধ শেষ করতে পারি। কিন্তু যেসব দেশকে আমি সুরক্ষা দিতে চাই, তাদের অনুরোধে আমরা একটু দীর্ঘ পথ বেছে নিচ্ছি, কিছুটা সভ্য উপায়ে এগোচ্ছি।’
হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, ‘সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পই স্থপতি এবং একমাত্র সিদ্ধান্ত গ্রহণকারী। সবকিছু তার হাতে রয়েছে এবং তিনি সব সময় নিশ্চিত করবেন যে যুক্তরাষ্ট্রের স্বার্থ সুরক্ষিত রয়েছে।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং ইরানের অর্থনীতি ধসে পড়ার কারণে যুক্তরাষ্ট্র অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প কী করবেন এবং কখন করবেন, তা কেবল তিনিই জানেন।’
এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি সিআইএ (যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা) এবং ন্যাশনাল ইন্টেলিজেন্স পরিচালকের কার্যালয়।
