সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসা প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, এই উদ্যোগের অংশ হিসেবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন, ১২০০ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল প্রতিষ্ঠা, শিশুদের জন্য ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ এবং ক্যান্সার হাসপাতালের কার্যক্রম দ্রুত চালুর পরিকল্পনা নেয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে উন্নত চিকিৎসার জন্য সিলেটের রোগীদের অন্য অঞ্চলে ছুটে যাওয়ার প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে। শনিবার সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের মধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সিলেটে শিশুদের চিকিৎসাসেবা আরও উন্নত করতে আগামী বছরের বাজেটে ২০০ শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হবে।
এ ছাড়া সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠার কাজও শুরু হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলে বিশেষায়িত চিকিৎসার পরিসর ও সক্ষমতা বহুলাংশে বাড়বে। সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবদুর রফিক, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী খাদিমনগরে খাদিম পাম বাগানে বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
