খুলনায় পৃথক অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, নারী আটক

ফন্ট সাইজ:

খুলনায় র‌্যাপিড সিকিউরিটি ব্যাটালিয়ন (এসআরবি)-৬ এর পৃথক দু’টি অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দৌলতপুরে দু’টি বিদেশি পিস্তল ও গুলিসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, নগরীর দক্ষিণ টুটপাড়া থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দৌলতপুর থানার ৬ নম্বর ওয়ার্ডের পাবলা ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে দু’টি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ রাজিয়া বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করে এসআরবি-৬। এসআরবি-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদে দৌলতপুরের একটি বাড়িতে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্যের আনাগোনার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। ওই বাড়িটি সাবেক মহিলা কাউন্সিলর শাহিদা বেগমের বলে জানা গেছে।

সেখানে তার মেয়ে ও নাতি বসবাস করেন। অভিযানের সময় মমি নামে তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে বাড়িতে পাওয়া যায়নি। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে দু’টি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযান শেষে এসআরবি-৬ স্পেশাল কোম্পানির স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সরদার জানান, বাড়িটিতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। যার হেফাজতে এসব অস্ত্র ও গুলি ছিল, তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

এদিকে, গতকাল দিবাগত রাত ২টার দিকে নগরীর সদর থানাধীন দক্ষিণ টুটপাড়া এলাকার ২৮ নম্বর ওয়ার্ডের বালুর মাঠসংলগ্ন জনৈক ফিরোজের বাড়ির পাশ থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। বাড়ির টিনের প্রাচীরের বাইরের পাশে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। এসআরবি-৬ জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। দৌলতপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সদর থানায় অস্ত্র উদ্ধারের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলমান রয়েছে।