যান্ত্রিক ত্রুটির কারণে টানা ২৫ দিন বন্ধ থাকার পর আবারো উৎপাদনে ফিরেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। গতকাল দিবাগত রাত ৩টার দিকে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। উৎপাদন শুরুর পর বর্তমানে এক হাজার টনের বেশি ইউরিয়া সার উৎপাদিত হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান। তিনি জানান, গত ১৯শে অক্টোবর রাতে যান্ত্রিক ত্রুটির কারণে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। ত্রুটি মেরামত শেষে পুনরায় উৎপাদন শুরু হয়েছে।
কারখানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে সিইউএফএলের উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর আগে প্রায় ছয় মাস গ্যাস সংকটের কারণে কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। পরে গ্যাস সরবরাহ পাওয়ার পর গত ১৫ই সেপ্টেম্বর উৎপাদন শুরু হয়। তবে চালুর ৪৮ ঘণ্টা না পেরোতেই যান্ত্রিক ত্রুটির কারণে আবারো উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রায় ১২ দিন পর ত্রুটি সারিয়ে সেপ্টেম্বরের শেষ দিকে পুনরায় উৎপাদন শুরু হলেও কিছুদিনের মধ্যে আবারো যান্ত্রিক সমস্যায় বন্ধ হয়ে পড়ে কারখানাটি। সিইউএফএল সূত্র জানায়, কারখানাটিতে উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।
তবে বর্তমানে কারখানাটির উৎপাদন সক্ষমতা আগের তুলনায় কমে গেছে। সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, প্রায় ৪০ বছরের পুরনো কারখানাটিতে বেশ কিছু যান্ত্রিক সমস্যা রয়েছে। এসব সমস্যা ধাপে ধাপে সমাধানের চেষ্টা চলছে। তবে কারখানাটি কখন আবার বন্ধ হয়ে যায়, তার নিশ্চয়তা নেই। সমস্যাগুলো সমাধান করে স্বাভাবিক উৎপাদন অব্যাহত রাখা গেলে চলতি অর্থবছরের নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
