পিরোজপুরের নেছারাবাদে বাক?প্রতিবন্ধী বাবার সঙ্গে সন্ধ্যা নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দু’দিন পর সিয়াম (১৩) নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটির শরীরের ঘাড়, পিঠ ও মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে নৌপুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুর বাবা আরিফ রাঢীকে থানায় নেয়া হয়েছে। নিহত সিয়াম ও তার পরিবার দীর্ঘ ১৬ বছর ধরে রাজবাড়ী এলাকার একটি আবাসন প্রকল্পে বসবাস করে আসছেন। নিহত শিশুর মা নূপুর বেগম জানান, গত ১২ই নভেম্বর বিকালে সিয়ামকে সঙ্গে নিয়ে তার স্বামী রাজবাড়ী লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে মাছ ধরতে যান। রাত ৮টা পর্যন্ত অপেক্ষা করেও স্বামী-সন্তান বাড়িতে না ফেরায় তিনি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে লঞ্চঘাটে স্বামীকে দেখতে পেয়ে ছেলের কথা জানতে চান। তবে স্বামী কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যান এবং আর বাড়িতে ফেরেননি।
পরে ১৩ই নভেম্বর থানায় ছেলের নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। পরদিন সকালে নদীতে ছেলের লাশ ভাসতে থাকার খবর পান। নূপুর বলেন, ছেলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে শুনেছেন। তবে কে বা কারা তার ছেলেকে আঘাত করেছে- তা তিনি জানেন না। রাজবাড়ী লঞ্চঘাট থেকে শেহাংগল লঞ্চঘাটে খেয়া পারাপারের মাঝি উজ্জ্বল বলেন, শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে খেয়া পারাপারের সময় লঞ্চ টার্মিনালের সামনে নদীতে একটি শিশুর লাশ ভাসতে দেখেন। পরে স্থানীয়রা লাশটি সিয়ামের বলে শনাক্ত করেন। নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। লাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবাকে থানায় আনা হয়েছে।
