সিলেটে ট্রিপল মার্ডারের নিরপেক্ষ তদন্তের দাবি

সংবাদ সম্মেলনে পরিবার

সিলেটে ট্রিপল মার্ডারের নিরপেক্ষ তদন্তের দাবি

ফন্ট সাইজ:

সিলেট নগরীর রায়নগরের আলোচিত ট্রিপল মার্ডার নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে নিহত এম এ সাত্তারের পরিবার। হত্যাকাণ্ডে গ্রেপ্তার বাবুল মিয়ার ১৬৪ ধারায় দেয়া জবানবন্দি, সিসিটিভি ফুটেজ, আলামত উদ্ধার ও তদন্তের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে পরিবারের দাবি, মাত্র ২৩ মিনিটে একজনের পক্ষে তিনজনকে হত্যা, রক্ত পরিষ্কার, নিজের কাটা হাত বাঁধা, আলমারির তালা ভেঙে কাগজপত্র খোঁজা এবং সেগুলো নিয়ে পালিয়ে যাওয়া কতোটা সম্ভব? একইসঙ্গে দীর্ঘদিনের ভূমি বিরোধের বিষয়টিও হত্যাকাণ্ডের তদন্তে বিবেচনার দাবি জানিয়েছেন তারা। শনিবার দুপুরে নগরীর মিরাবাজারের একটি অভিজাত হোটেলে নিহত এম এ সাত্তারের পরিবারবর্গ ও ন্যায়বিচারপ্রার্থী শোকাহত জনতার উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন নিহত এম এ সাত্তারের ছেলে আরিফ ইফতেখার। ভূমি বিরোধ ও সংশ্লিষ্ট মামলার বিবরণ তুলে ধরেন পরিবারের দীর্ঘদিনের সহযোগী মুহাম্মদ তৌহিদুল ইসলাম। লিখিত বক্তব্যে আরিফ ইফতেখার বলেন, গত ১২ই আগস্ট রায়নগরের ১১১ নম্বর মিতালী আবাসিক এলাকার বাসায় তার বাবা এম এ সাত্তার, মা সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা বেগম হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় কোতোয়ালি থানায় হত্যা মামলা হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, পুলিশ লাইন সংলগ্ন লুসাই গির্জা সমিতির ভূমি ও ইম্পালস টাওয়ারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এম এ সাত্তার ও সেলিনা সুলতানা সমিতির কাছ থেকে ১২ শতক ভূমি লিজ নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে ভোগদখলে ছিলেন। পরিবারের অভিযোগ, জাল আমমোক্তারনামা ব্যবহার করে ২০০৬ সালে এডভোকেট সিরাজুল ইসলাম ১৮৫২২ নম্বর দলিলের মাধ্যমে তাদের লিজকৃত ভূমিসহ সমিতির ৮০ শতক জমি ইম্পালস বিল্ডার্সের নামে হস্তান্তর দেখান। এ নিয়ে এম এ সাত্তার আদালতে স্বত্ব মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন।

পরিবারের অভিযোগ, ভূমি বিরোধসংক্রান্ত মামলা প্রত্যাহারের জন্য এম এ সাত্তারকে বিভিন্ন সময়ে হুমকি দেয়া হয়েছিল। আদালত প্রাঙ্গণে তাকে আক্রমণের ঘটনাও ঘটে।
এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি ও আদালতে মামলা করা হয়েছে। হত্যাকাণ্ডের পরও বাদীপক্ষের স্বজনদের হুমকি দেয়া এবং সেলিনা সুলতানার বাসায় অজ্ঞাত ব্যক্তিদের প্রবেশের চেষ্টার অভিযোগ তোলেন তারা। তবে এসব ঘটনার সঙ্গে হত্যাকাণ্ডের যোগসূত্র আছে কিনা- তা তদন্তের মাধ্যমে নির্ধারণের দাবি জানান পরিবারের সদস্যরা।