ছেলের মৃত্যুর শোকে মায়ের মৃত্যু

ফন্ট সাইজ:

গোপালগঞ্জের মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেছেন মা। ছেলের লাশ বাড়ি থেকে কবরস্থানে নেয়ার পর পরই অসুস্থ হয়ে মারা যান মা। এরপর একই কবরস্থানে দাফন করা হয় দু’জনকে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার রাঘদি ইউনিয়নের বড়দিয়া গ্রামে। মা ও ছেলের এমন আকস্মিক মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে শোক নেমে এসেছে। জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে বিএনপি নেতা ইলিয়াস ফকির (৫০) আহত হন। পরে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। তার মৃত্যুর পর পরিবারের সদস্য ও স্বজনরা শোকে ভেঙে পড়েন। পরে শনিবার সকাল ১০টায় ইলিয়াস ফকিরের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে নিয়ে যাওয়া হয়। এরপর সকাল ১১টার দিকে তার মা হাসিনা বেগম (৭২) অসুস্থ হয়ে পড়লে টেকেরহাট ইউএস মডেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনিও মারা যান।
মুকসুদপুর উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক কাইয়ুম শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কবরস্থানে সকালে ছেলে ও বিকালে মায়ের লাশ পাশাপাশি দাফন করা হয়েছে।