বনভূমি দখল করে নির্মিত বাড়ি উচ্ছেদ

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ায় বনবিভাগের জমি দখল করে রোহিঙ্গাদের ভাড়া দেয়ার উদ্দেশ্যে স্থায়ী বাড়ি নির্মাণের চেষ্টা করা হয়েছে। তবে নির্মাণকাজ চলার সময় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করেছে বনবিভাগ। গতকাল উখিয়া সদর বিটের ফলিয়াপাড়া রোডের অদূরে রইতলা চেকপোস্ট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান জানান, বনবিভাগের জমির বিশাল এলাকা দখল করে স্থানীয় বাদশা রোহিঙ্গাদের ভাড়া দেয়ার উদ্দেশ্যে স্থায়ী বাড়ি নির্মাণ করছিলেন। বিষয়টি জানার পর বনবিভাগের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করা হয়েছে। তিনি আরও জানান, এর আগেও ওই ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছিল। কিন্তু মামলা হওয়ার পরও তিনি নির্মাণকাজ অব্যাহত রাখেন। পরে বনবিভাগ অভিযান চালিয়ে নির্মাণাধীন স্থাপনাটি উচ্ছেদ করে। উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নানের নেতৃত্বে অভিযানে রেঞ্জের স্টাফ আবদুল কাইয়ুম, মুহিত ও ইলিয়াছ উপস্থিত ছিলেন।