কক্সবাজারের উখিয়ার ইনানীতে টানা ১৯ দিন ধরে জ্বলছে ভূগর্ভ থেকে বেরিয়ে আসা গ্যাসের আগুন। অবশেষে সেই আগুন নির্বাপণে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি ও কারিগরি সরঞ্জাম ঘটনাস্থলে পৌঁছানোর পর এখন চলছে মূল অভিযান শুরুর প্রস্তুতি। সংশ্লিষ্ট সূত্রের ধারণা, আনুষঙ্গিক প্রস্তুতি শেষ হলে শনিবার বিকালেই আগুন নেভানোর কার্যক্রম শুরু হতে পারে। শনিবার সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানীর গ্যাস উদ্গীরণ স্থল পরিদর্শন করেন পেট্রোবাংলা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও শেভরন বাংলাদেশের বিশেষজ্ঞরা।
তারা গ্যাস নির্গমনের স্থান এবং আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। আগুন নিয়ন্ত্রণে নিরাপদ পদ্ধতি নির্ধারণে কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আনিসুর রহমান জানান, কূপের আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় সব ধরনের যন্ত্রপাতি ও সরঞ্জাম ঘটনাস্থলে আনা হচ্ছে। তবে আগুন পুরোপুরি নির্বাপণে কতো সময় লাগবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর গ্যাসের মজুত যাচাইয়ে বিশেষজ্ঞরা অনুসন্ধান চালাবেন। সেই ফলাফলের ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। এদিকে ইনানীতে নতুন করে কূপ খনন কিংবা বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্টদের কাছে আপাতত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জ্বলন্ত গ্যাসের আগুন নিরাপদে নিয়ন্ত্রণ ও নির্বাপণ করা। ভূগর্ভে গ্যাসের প্রকৃত মজুত সম্পর্কে অনুসন্ধান শুরুর আগে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
