নদী শাসনব্যবস্থা না থাকায় হুমকির মুখে ৩৫০ কোটি টাকার বেড়িবাঁধ

ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর

নদী শাসনব্যবস্থা না থাকায় হুমকির মুখে ৩৫০ কোটি টাকার বেড়িবাঁধ

ফন্ট সাইজ:

ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছরেও পর্যাপ্ত নদী শাসনব্যবস্থা না থাকায় বলেশ্বর নদের তীরবর্তী ৩৫/১ পোল্ডারের ২২ কিলোমিটার বেড়িবাঁধ হুমকির মুখে বলে ধারণা করছে স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে বলেশ্বর নদের তীরবর্তী কুমারখালী, সন্ন্যাসী, রাজেশ্বর ও সিডর বিধ্বস্ত সাউথখালীর গাবতলা এলাকাসহ ১৩টি পয়েন্টে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। সিডর পরবর্তী ১৯ বছরে জাইকা প্রকল্পের অর্থায়নে মাত্র ১৮শ’ মিটার নদী শাসনব্যবস্থার কাজ শুরু করেছে। কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সিডর পরবর্তী সময় ক্ষতিগ্রস্তদের একটাই দাবি ছিল ‘মোরা ত্রাণ চাই না, বেড়িবাঁধ চাই’। এ দাবিতে কয়েক বছর ধরে চলে মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলন। পরবর্তীতে ২০১৬ সালে বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে শুরু হয় টেকসই বেড়িবাঁধ নির্মাণকাজ।

বলেশ্বর নদের তীর রক্ষায় প্রায় ২২ কিলোমিটারসহ পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের মোট ৬২ কিলোমিটার বাঁধের কাজ শেষ হয় ২০২৩ সালের ১৪ই ডিসেম্বর। এই প্রকল্প চলাকালীন তৎকালীন প্রত্যক্ষদর্শী উপজেলার বগী, গাবতলা, উত্তর সাউথখালী, সোনাতলা ও রায়েন্দা এলাকার জাকির হাওলাদার, মোশারফ মেম্বারসহ অনেকে বলেন, মাটি দিয়ে বাঁধ নির্মাণ করার কথা থাকলেও সংশ্লিষ্টরা বালু দিয়ে বাঁধ নির্মাণ করেছে। ফলে বাস্তবায়নের পরের বছর থেকেই বেড়িবাঁধের বেশির ভাগ জায়গা ধসে পড়েছে। অন্যদিকে বেড়িবাঁধের সঙ্গে যে স্লুইস গেট করা হয়েছে তা খুবই সরু। খালের সঙ্গে ওই স্লুইস গেটের কোনো সংযোগ না করার কারণে বেশির ভাগ গেটই অচল। এই অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প এই জনপদের মানুষের কোনো উপকারে আসেনি বরং মড়ার ওপরে খাঁড়ার ঘা অবস্থা হয়েছে। উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প (সিইআইপি-১)-এর মাধ্যমে সিএইচডব্লিউই নামে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ বাস্তবায়ন করে। কিন্তু নদী শাসনের ব্যবস্থা না করেই বাঁধ নির্মাণকাজ, ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হওয়ায় বাস্তবায়নের পরের বছরেই সেই বাঁধে ভয়াবহ ভাঙন শুরু হয়। বলেশ্বর নদের তীরে উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী থেকে পার্শ্ববর্তী উপজেলা মোরেলগঞ্জ সীমানার সন্ন্যাসীর ফাঁসিয়াতলা পর্যন্ত বিভিন্ন স্থানে ১৩ কিলোমিটার মূল বাঁধসহ সিসি ব্লক ধসে ঝুঁকিপূর্ণ রয়েছে। সরজমিন ঘুরে দেখা যায়, তৎকালীন সময়ে ৩৫০ কোটি টাকা ব্যয়ে ৬২ কিলোমিটার বেড়িবাঁধ ঢালির ঘোপ, ফাঁসিয়াতলা, বগী, গাবতলা এলাকাসহ প্রায় ১৩-১৪ জায়গায় ফাটলসহ ধসে পড়েছে।

এ ছাড়া এলাকাবাসীর আক্ষেপ, সিডরের ১৯ বছর পর এসেও বাঁধ নিয়ে দুশ্চিন্তা করতে হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, জাইকা প্রকল্পের অর্থায়নে উপজেলার সাউথখালী ইউনিয়নের আশার আলো মসজিদ সংলগ্ন এলাকা থেকে ১৮শ’ মিটার নদী শাসনের কাজ চলমান রয়েছে। এ ছাড়া একটি সমীক্ষা প্রকল্পের কাজ চলমান রয়েছে- সেই প্রকল্প থেকে অর্থ পেলে ক্ষতিগ্রস্ত ১৩ কিলোমিটার ঝুঁকিপূর্ণ এলাকা নদী শাসন ব্যবস্থার আওতায় আনা হবে।