প্রেম করে বিয়ের ৯ মাস পর উভয়ের সম্মতিতে বিবাহবিচ্ছেদ হয় রুকাইয়া তাসনিম মুক্তির। বিচ্ছেদের দেড় মাস পর রাজশাহীর চন্দ্রিমা থানায় প্রাক্তন স্বামী রায়হান হাওলাদারের বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের অভিযোগ করেন। এর তিন মাস পর ওই থানায় হুমকি-ধমকির বিষয়ে আরও একটি ডায়েরি করেন মুক্তি। কিন্তু এসব ঘটনার সত্যতা না থাকায় অভিযোগ দু’টি খারিজ হয়ে যায়। এতেও থামেননি মুক্তি। একের পর এক মামলা ও হুমকি দিচ্ছেন সাবেক স্বামীকে। অভিযুক্ত মুক্তি নাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের মোজাম্মেল হকের মেয়ে ও রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের ৩য় বর্ষের শিক্ষার্থী। ভুক্তভোগী রায়হান ঝালকাঠির নলছিটি উপজেলার গোচড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি ঢাকায় একটি সরকারি চাকরি করেন। শনিবার দুপুরে স্থানীয় চলনবিল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে রায়হান লিখিত অভিযোগ করেন। রায়হান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর ২০২৫ সালের ২৯শে সেপ্টেম্বর পরিবারের অগোচরে তাদের বিয়ে হয়।
মুক্তির বেপরোয়া জীবনযাপন ও পরকীয়ায় আসক্তির কারণে ৯ মাস পর ২০২৬ সালে ১লা মে উভয়ের সম্মতিতে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মুক্তির পরিবারকে জানিয়েও প্রতিকার পাননি তিনি। বাধ্য হয়ে স্ত্রীর হয়রানি থেকে মুক্তি পেতে সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন। এ ঘটনার সত্যতা যাচাইয়ে মুক্তির বাড়িতে যান সাংবাদিকরা। এ সময় মুক্তির পিতা মোজাম্মেল হক বলেন, তার মেয়ের বিয়ে এবং ৯ মাস সংসার করার ঘটনা জানেন না। ঘটনা জানার পর মুক্তির সঙ্গে কোনো কথাবার্তাও হয় না আমাদের। তবে মুক্তির মা রানুকা বেগম ও ভাই মো. রবিন হক বিয়ের বিষয়টি জানেন বলে স্বীকার করেন। এ বিষয়ে একাধিকবার মুক্তির মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
