কুমিল্লার তিতাসে বিএনপি’র সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানে দুই সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দলীয় পদ হারিয়েছেন দুই নেতা। তারা হলো- এমদাদ হোসেন আখন্দ ও সাইমুল ইসলাম আখন্দ। এমদাদ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এবং সাইমুল উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন। সম্পর্কে তারা দুই ভাই। গত বৃহস্পতিবার রাতে পৃথক চিঠিতে ওই দুই নেতার বহিষ্কারের কথা জানানো হয়। তবে রাতে শুক্রবার বিষয়টি জানাজানি হয়। কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের সই করা চিঠিতে বলা হয়, গত বৃহস্পতিবার বিকালে ওই সংবর্ধনা অনুষ্ঠানে গোপালপুর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিপক্ষের লোকজনের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালান এমদাদ। এ সময় সেখানে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতারা উপস্থিত ছিলেন।
এ ঘটনাকে সংগঠনবিরোধী কার্যক্রম উল্লেখ করে তাকে বহিষ্কার করা হয়। এদিকে কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ আলমগীরের সই করা চিঠিতে বলা হয়, বৃহস্পতিবার বিকালে একই স্থানে লাঠিসোটা নিয়ে হামলা চালান সাইমুল। এ কারণে তাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় সূত্র ও আয়োজকদের সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-২ আসনে বিএনপি’র সংসদ সদস্য সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেয়া হয়। এর আয়োজন করেন তিতাস উপজেলা বিএনপি’র কোষাধ্যক্ষ ও জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন প্রধান। অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এমদাদ হোসেন আখন্দ এবং তার ছোট ভাই সাইমুল ইসলাম আখন্দ সমর্থকদের নিয়ে মঞ্চে যান। এ সময় তাদের সমর্থকদের সঙ্গে জামাল উদ্দিনের সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষ লাঠি, চেয়ার ও ফেস্টুনের কাঠ নিয়ে পাল্টাপাল্টি হামলায় জড়ায়। সংঘর্ষের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
