রাজধানী ঢাকার কাছের জেলা মানিকগঞ্জ। জেলার কয়েকটি উপজেলা সবজি চাষের জন্য বিখ্যাত। তার মধ্যে অন্যতম সাটুরিয়া ও সিঙ্গাইর উপজেলা। শীতের এই মৌসুমে ফুলকপি, শিম, মুলা, বেগুন ও লাউয়ের মতো জনপ্রিয় সবজিগুলোতে ভরে গেছে মাঠ প্রান্তর। কিন্তু বর্তমান সবজির ভরা মৌসুমে দৃশ্যপট সম্পূর্ণ উল্টো। ফলন ভালো হলেও উৎপাদিত সবজির কাঙ্ক্ষিত ও ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকদের মুখে হাসি নেই। মাঠের কৃষকের কাছ থেকে স্বল্পদামে সবজি ক্রয় করা হলেও পাইকারি এবং খুচরা বাজারে দাম বেশি। এতে কৃষক এবং ক্রেতারাই দাম কম বেশি নিয়ে হেনস্থা হচ্ছেন। লাভবান হচ্ছেন মধ্যভোগী পাইকার ও খুচরা ব্যবসায়ীরা। সরজমিন সাটুরিয়া উপজেলার কালীগঙ্গা নদীর তীরঘেঁষা তিল্লি গ্রামের নদীর দুই পাশে ফসলের মাঠ জুড়ে ফুলকপি, বাঁধাকপি, লাউ, মিষ্টি কুমড়া, বেগুন ও পটোলসহ বিভিন্ন প্রজাতির সবজির সমারাহ। কথা হয় বেশ কয়েকজন সবজি চাষির সঙ্গে।
সবজির বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই। তারা সবাই হতাশাগ্রস্ত। সবজি চাষে হাত-বদলের খেলায় কৃষকদের লাভ গিলে খাচ্ছে ব্যবসায়ীরা। সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের শোলাই গোবিন্দপুর গ্রামের কৃষাণী রাহেলা বেগম বলেন, আমাদের এলাকায় প্রায় প্রতিটি ঘরেই কম-বেশি সবজি চাষাবাদ করা হয়। এবার আমি ১ বিঘা জমিতে আগাম বাঁধাকপি আর দেড় বিঘা জমিতে ফুলকপি চাষ করেছি। ফলন বেশ ভালো হয়েছে। কিন্তু বাজারের অবস্থা ভালো না। শুরুতে প্রতি মণ ফুলকপি ১৫০০ টাকা মণ বিক্রি করেছিলাম কিন্তু এখন তার অর্ধেকে নেমেছে। যেভাবে রোদে পুড়ে কষ্ট করেছি সে অনুযায়ী লাভের মুখ দেখলাম না। পশ্চিম চর তিল্লি গ্রামের কৃষক স্বপন মিয়া বলেন, জমিতে সবজি উৎপাদন করছি আমরা আর লাভবান হচ্ছে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা। বিশেষ করে ফুলকপিতে আমাদের সব চাইকে লোকসান গুনতে হচ্ছে। সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি গ্রামের কৃষক বিল্লাল হোসেনের আক্ষেপ, আমরা রোদ বৃষ্টিতে পরিশ্রম করে সবজি উৎপাদন করলাম কিন্তু বাজারে গিয়ে দাম পেলাম না।
১ কেজি ফুলকপি পাইকাররা আমাদের কাছ থেকে ১৫ টাকা কেজিতে কিনে নিয়ে তারা ক্রেতাদের কাছে ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি করছেন। এদের মতো মানিকগঞ্জের প্রত্যেকটা এলাকার সবজি চাষির মুখেই হতাশার সুর ও আক্ষেপের বাণী। সবজির বাজারে শীতকালীন সবজির আমদানিতে স্বস্তি ফেরার কথা থাকলেও মানিকগঞ্জের সাধারণ ক্রেতার স্বস্তি মিলছে না। কৃষকের ক্ষেত থেকে খুচরা বাজার পর্যন্ত পৌঁছাতে কয়েকটি হাত-বদল হওয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। এর ফলে মাঠপর্যায়ে দাম কম থাকলেও চড়া দামে সবজি কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। ব্যবসায়ী শহিদুল ইসলামের মতে, মাঠে তো সবজির দাম কমই থাকে। কিন্তু ক্ষেত থেকে আমাদের হাতে পৌঁছানোর আগে কয়েকটি হাত-বদল হতে হয়। পরিবহন খরচ, হাত-বদলের কমিশন ও বিভিন্ন মার্জিন যোগ হওয়ার কারণে খুচরা বাজারে এসে দাম অনেকটা বেড়ে যায়। এদিকে বাজার বিশ্লেষকদের মতে, উৎপাদক ও ভোক্তার দামের এই ব্যবধান কমাতে সরাসরি সরবরাহ ব্যবস্থা জোরদার করা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো জরুরি। জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা লোভে ক্রেতাদের ঠকানোর চেষ্টা করলে, তাদের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
