কুষ্টিয়ায় খাদ্য বিভাগের একজন কর্মকর্তার মায়ের নামে দু’টি পুষ্টি রাইস মিল এবং সরকারি পুষ্টি চালমিশ্রণ ও সরবরাহ কার্যক্রমে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন বর্তমানে সিলেট বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, এসএম সাইফুল ইসলাম। তার মা পারভীন আক্তারের নামে কুষ্টিয়ার খাজানগরে ‘শাপলা-১’ এবং কুমারখালী উপজেলায় ‘শাপলা-২’ নামে দুটি পুষ্টি রাইস মিল পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। তবে মিল পরিচালনার দায়িত্ব তার ভাগ্নে রফিক সরকারের হাতে রয়েছে বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব ও খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ কাজে লাগিয়ে এসব মিল প্রতিষ্ঠা করা হয়েছে। তথ্যমতে, ২০১৬ সালে কুষ্টিয়ার খাজানগরে ‘শাপলা-১’ এবং ২০২২ সালে কুমারখালীতে ‘শাপলা-২’ নামে দ্বিতীয় পুষ্টি রাইস মিল প্রতিষ্ঠা করা হয়। অভিযোগ রয়েছে, নির্ধারিত অনুপাতের পরিবর্তে কখনো ১৫০ থেকে ২০০ পিস চালের বিপরীতে মাত্র ১০ থেকে ১২ পিস পুষ্টি উপাদান মেশানো হচ্ছে। যেখানে ৯০ পিস চালের বিপরীতে ১০ পিস পুষ্টি উপাদান মেশানোর নির্দেশনা রয়েছে। এতে উৎপাদিত পুষ্টি চালের গুণগত মান ও পুষ্টিমান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ ছাড়া খাদ্যগুদাম থেকে বিনির্দেশ সম্মত চাল উত্তোলন করে তা কালোবাজারে বিক্রি এবং পরবর্তী সময়ে বাজার থেকে নিম্নমানের চাল কিনে পুষ্টি উপাদান মিশিয়ে ভোক্তা পর্যায়ে সরবরাহ করার অভিযোগও রয়েছে। পাশাপাশি পুষ্টি চালের বস্তায় নির্ধারিত ওজনের চেয়ে কম চাল দেয়ার অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি টন পুষ্টি উপাদান মিশ্রণের জন্য মিল মালিককে ২ হাজার ১৯২ টাকা করে দেয়া হয় বলে জানা গেছে। ফলে পুষ্টি মিশ্রণের অনুপাত, চালের গুণগত মান, ওজন এবং সরকারি অর্থের ব্যবহার-সবকিছু নিয়েই প্রশ্ন উঠেছে।
মিল দু’টি পরিচালনার দায়িত্বে রয়েছেন এসএম সাইফুল ইসলামের ভাগ্নে রফিক সরকার। স্থানীয়ভাবে তার রাজনৈতিক সম্পৃক্ততা এবং আওয়ামী লীগ আমলে দলীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি নিয়েও আলোচনা রয়েছে।
জুলাই হত্যাচেষ্টা মামলায় সাত নম্বর আসামি রফিক সরকার আওয়ামী সরকার আমলে বিভিন্ন মিল মালিকের কাছ থেকে চাল কিনে ক্ষমতার প্রভাব দেখিয়ে সেসব মিল মালিকদের টাকা এখন পর্যন্ত পরিশোধ করেননি। অভিযোগকারীদের দাবি, খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তার মায়ের নামে দু’টি মিল থাকায় বরাদ্দের ক্ষেত্রে শাপলা-১ ও শাপলা-২ মিল অগ্রাধিকার পাচ্ছে এবং অন্য মিল কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অভিযোগের বিষয়ে সিলেট বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, এসএম সাইফুল ইসলাম মুঠোফোনে বলেন, মিল দু’টি তার মায়ের নামে থাকলেও ক্ষমতাপত্র দেয়া রয়েছে রফিকের নামে। তার মায়ের ব্যবসায়িক সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি। মিল পরিচালনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এগুলো আমার জানা নেই। খাদ্য বিভাগের একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে নিজের মায়ের নামে খাদ্য বিভাগের আওতাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্স গ্রহণের নীতিগত বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তাদের পরিবার ১৯৯৮ সাল থেকেই এ ব্যবসার সঙ্গে জড়িত। একপর্যায়ে তিনি জানান, রফিক সরকারকে দেয়া পাওয়ার অব অ্যাটর্নি একদিনের মধ্যে বাতিল করা হবে। তবে মিলের সঙ্গে নিজের সম্পৃক্ততা নেই বলে দাবি করার পরও কীভাবে তিনি ওই ক্ষমতা বাতিলের সিদ্ধান্ত নিচ্ছেন, সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো উত্তর দেননি।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক আল ওয়াজির রহমান বলেন, এই দুটি মিলের লাইসেন্স রয়েছে পারভীন আক্তারের নামে। মিল দু’টি আমি আসার আগে প্রতিষ্ঠিত হয়েছে। তখন কীভাবে গড়ে উঠেছে, সেটা আমি বলতে পারবো না।
