পীরগঞ্জে করতোয়া নদীর বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে চলছে অবৈধ বালু ব্যবসা। এতে করতোয়ার বুকে ২টি নির্মাণাধীন এবং ১টি নির্মিত প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে সেতুটি মারাত্মক ঝুঁকিতে পড়বে। এ ছাড়াও ৪০টি পয়েন্টে ড্রেজার ও ভেকু মেশিন দিয়ে দিন-রাত বালু উত্তোলন করায় পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেচ প্রকল্প, একটি গুচ্ছগ্রাম, ৩টি সংযোগ সেতু এবং নদী তীরবর্তী বসতভিটা ও শত শত হেক্টর কৃষিজমি চরম ঝুঁকির মুখে পড়েছে। নদীর তলদেশ থেকে বালু তোলার কারণে গত বর্ষা মৌসুমে নদীর পেটে কৃষকের আবাদি জমি ফসলসহ একরের পর একর জমি বিলীন হয়েছে। রংপুরের পীরগঞ্জ থেকে দিনাজপুর জেলার নবাবগঞ্জ ও ওসমানপুর উপজেলায় পারাপারের জন্য ড. ওয়াজেদ সেতু, জয়ন্তীপুর এবং নুনদহ সেতু আঞ্চলিক মহাসড়কের উপর নির্মিত ৩টি গুরুত্বপূর্ণ সেতু হুমকির মুখে রয়েছে। এ ছাড়া স্থানীয় কৃষকদের ফলদ গাছ ও কৃষিজমিও নদীগর্ভে চলে যাওয়ার উপক্রম হয়েছে। দেশের উত্তরাঞ্চল থেকে বয়ে আসা রংপুর ও দিনাজপুর জেলার সীমান্তবর্তী মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়নের নিধিরামপুর হয়ে পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নের দুধিয়া বাড়ি হয়ে চতরা ইউনিয়নের বদনাপাড়া পর্যন্ত আঁকা-বাঁকা ২৫- ৩০ কিলোমিটার প্রমত্তা খরস্রোতা করতোয়া নদীর দুই পাড়ে অর্ধশত পয়েন্টে দিন-রাত বালু উত্তোলন চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, নদীর দুই তীরে অর্ধশত পয়েন্ট রয়েছে, প্রতি পয়েন্টে দিনে ৩৫ থেকে ৫০টি গাড়ি বালু প্রকার ভেদে ৮শ’ টাকা থেকে ১২শ’ টাকা পর্যন্ত বিক্রয় করা হচ্ছে। সামনে ভাটায় ইট নামলে ৬০ থেকে ৭০টি গাড়ি বালু প্রতি পয়েন্টে বিক্রয় সম্ভব। সেই হিসাবে বছরে ১শ’ কোটি টাকার বালু বিক্রয় করছে অবৈধ বালু ব্যবসায়ীরা। এসব বালু ব্যবসায়ীরা স্থানীয়ভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কমপক্ষে ৫০ স্থানে উচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রেজার মেশিন দিয়ে ৬ ইঞ্চি মাপের পাইপ লাইনে করতোয়া নদীর তলদেশ থেকে নির্বিঘ্নে বালু উত্তোলন করছে। উপজেলার সীমান্তবর্তী দুইটি সেতুর জন্য দুই দফা বরাদ্দে ৫০ কোটি টাকা, একই উপজেলার টুকুরিয়া ইউনিয়নের জয়িন্তাপুর সেতু প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মাণকাজ শেষের দিকে, এবং ড. ওয়াজেদ সেতু ৩০ কোটি টাকা ব্যয়ে কয়েক বছর পূর্বে কাজ শেষ হয়ে যান চলাচলে উন্মুক্ত রয়েছে। উপজেলা প্রকৌশলী মো. আসাদুজ্জামান বাপ্পি জানান, সেতু বা ব্রিজ থেকে কমপক্ষে ৫শ’ মিটারের মধ্যে কোনো প্রকার বালু মাটি উত্তোলন করা যাবে না। এতে সেতু মারাত্মক ঝুঁকিতে পড়বে। পীরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য মো. নুরুল আমীন বলেন, করতোয়া নদীর অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে রংপুর জেলা ও উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে কঠোর নির্দেশনা দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গত মাসে একটি বালুর পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে, পর্যায়ক্রমে সব পয়েন্টে অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ করা হবে।
