রংপুরে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

ফন্ট সাইজ:

রংপুরে দেড় বছরের সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর মা সূচনা ঘোষ (৪০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার রাতে নগরীর বাবুপাড়া সাজাপুর এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ দু’টি উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে মেট্রোপলিটন তাজহাট থানার ওসি আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সাজাপুর এলাকার শারীরিক প্রতিবন্ধী ও মুদি দোকানি শংকর ঘোষের স্ত্রী সূচনা ঘোষ শনিবার বেলা ২টার দিকে তার দশম শ্রেণিপড়ুয়া মেয়ে পুষ্পিতা ঘোষকে বাজারে পাঠিয়ে দেয়। এরপর দেড় বছরের ছেলে জয়দেব ঘোষকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পুষ্পিতা বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে তার মাকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ পায়নি। এরপর ঘরের জানালার ফাঁক দিয়ে ফাঁস দেয়া অবস্থায় মা সূচনা ঘোষকে দেখতে পায় পুষ্পিতা। পরে এলাকাবাসী বাড়িতে এসে দেখেন ঘরে সূচনা ঘোষের দেড় বছরের ছেলে জয়দেব ঘোষের লাশও পড়ে রয়েছে। সূচনা ঘোষের স্বামী শংকর ঘোষ জানিয়েছে, সূচনা ঘোষ দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাকে বিভিন্ন সময় চিকিৎসা দেয়া হয়েছে। মানসিক সমস্যা থেকেই ছেলেকে হত্যা করে সূচনা নিজে আত্মহত্যা করতে পারে বলে তিনি জানান। মেট্রোপলিটন তাজহাট থানার ওসি আতাউর রহমান জানান, এলাকাবাসী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জেনেছি অভাব-অনটনের কারণে পরিবারে অশান্তি ছিল। পারিবারিক কলহ নাকি মানসিক অসুস্থতার কারণে এ ঘটনা ঘটেছে- তা তদন্ত করে দেখছি। লাশগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন