নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাক ঘরে, শিশুর মৃত্যু

নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাক ঘরে, শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

রংপুরে বালুবোঝাই ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে তাসলিমা আক্তার সিনতি (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর খাসবাগ চারমাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ট্রাকের চালক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় মেট্রোপলিটন কোতোয়ালি থানায় নিহতের নানা মোকছেদ আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন, মেট্রোপলিটন কোতোয়ালি থানায় ওসি ওয়াদুদ আলম। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, নগরীর খাসবাগ বাড়িতে ঘরে ঘুমিয়ে ছিলেন তাসলিমা আক্তার সিনতি ও তার মা আশা বেগম। সিনতি ওই এলাকার পিন্টু মিয়ার মেয়ে।

রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বালুবোঝাই একটি ডাম্প ট্রাক সাতমাথা থেকে জাহাজ কোম্পানি মোড় যাচ্ছিল। হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ভেতরে ঢুকে উল্টে যায়। এ সময় সিনতি ও মা আশা বেগম গুরুতর আহত হয়। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিনতি মারা যায়। স্থানীয়রা ট্রাকচালক চাঁপাইনবাবগঞ্জ জেলার মৃত সাজিদ আলীর ছেলে মেহেদি হাসান (৩১) ও হেলপার রংপুর নগরীর হাজীরহাট এলাকার মুকুল মিয়ার ছেলে শ্রাবণ ইসলাম (১৯) কে আটক করে পুলিশে দেয়। মেট্রোপলিটন কোতোয়ালি থানায় ওসি ওয়াদুদ আলম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।