দ্রুত উন্নয়ন না হলে আগ্রহ হারাবেন দর্শনার্থীরা

মধুটিলা ইকোপার্ক

দ্রুত উন্নয়ন না হলে আগ্রহ হারাবেন দর্শনার্থীরা

ফন্ট সাইজ:

পাহাড়, বন ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ শেরপুরের নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। তবে অব্যবস্থাপনা, জরাজীর্ণ অবকাঠামো, হাতির আতঙ্ক ও বিনোদন সুবিধার অভাবে দিন দিন কমছে দর্শনার্থী। দ্রুত উন্নয়নকাজ না হলে পর্যটকদের আগ্রহ আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রায় ৩৮৩ একর আয়তনের পার্কটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে। সম্প্রতি সরজমিন দেখা যায়, দীর্ঘদিন পরিষ্কার না করায় বিভিন্ন স্থানের পানি অপরিষ্কার। শিশুপার্কে পর্যাপ্ত রাইড নেই। ১০টি পিকনিক স্পটের বেশির ভাগই বেহাল। দর্শনার্থীদের জন্য রয়েছে মাত্র দু’টি টয়লেট। পাহাড়ে ওঠার সিঁড়ি, অভ্যন্তরীণ সড়ক ও পানির ব্যবস্থাও নাজুক। সীমানা প্রাচীর না থাকায় প্রায়ই বন্যহাতি পার্ক এলাকায় ঢুকে দোকানপাট ভাঙচুর ও খাবার নষ্ট করছে।

এতে আর্থিক ক্ষতির পাশাপাশি দর্শনার্থীদের মধ্যেও আতঙ্ক তৈরি হচ্ছে। গণমাধ্যমকর্মী রবিউল ইসলাম বলেন, পার্কের প্রবেশমূল্য একসময় ১০ থেকে ২০ টাকা থাকলেও তা বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে। অথচ বাড়তি টাকার বিপরীতে সুযোগ-সুবিধা বাড়েনি। বিকাল ৪টার পর প্রবেশের সুযোগ নেই। হাতির বিচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় পর্যটকদের আগ্রহ কমেছে। সাবেক ইজারাদার মজিবর রহমান চৌধুরী বলেন, ৬৫ লাখ টাকায় পার্কটি ইজারা নিয়ে ১২ মাসে অর্ধেক টাকাও তুলতে পারেননি।

উন্নয়নকাজ না হওয়ায় পর্যটক কমেছে, ফলে তাকে বড় ধরনের লোকসান গুনতে হয়েছে। মধুটিলা ইকোপার্কের রেঞ্জার আব্দুল করিম জানান, উন্নয়নমূলক কাজ এগিয়ে নেয়ার চেষ্টা চলছে। শেরপুরের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান বলেন, জনবল সংকট রয়েছে। সীমানা প্রাচীর নির্মাণ ও লেক পুনঃখননসহ উন্নয়নকাজের জন্য ডিপিপি তৈরির কাজ চলছে। গত ১০ই অক্টোবর পার্কে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে আয়োজিত মতবিনিময় সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু মধুটিলা ইকোপার্কের উন্নয়ন এবং শেরপুরের পর্যটন খাত এগিয়ে নিতে উদ্যোগ নেয়ার আশ্বাস দেন। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি এ আশ্বাস দেন।