দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল ২০২০ সালে ‘ইন্ডিয়ান-২’ ছবির শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন। অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া সেই ঘটনার স্মৃতি সম্প্রতি সামনে এনেছেন অভিনেত্রী। তিনি বলেন, সেদিন ঈশ্বরের কৃপায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছিলাম। ২০২০ সালের ফেব্রুয়ারিতে চেন্নাইয়ের পুনামাল্লিতে ইভিপি ফিল্ম সিটিতে চলছিল ‘ইন্ডিয়ান-২’ ছবির শুটিং। এ সময় প্রায় ১০০ ফুট উঁচু একটি ক্রেন ভেঙে পড়ে। ভয়াবহ ওই দুর্ঘটনায় প্রাণ হারান তিনজন। আহত হন আরও কয়েকজন। ‘হিউম্যানস অব বম্বে’কে দেয়া এক সাক্ষাৎকারে কাজল বলেন, দুর্ঘটনার সময় তিনি শুটিং সেটে মনিটরের সামনে বসে ছিলেন। সেদিন একটি অ্যাকশন দৃশ্য ধারণের কথা ছিল। সেখানে ৮০ বছর বয়সী এক নারীর চরিত্রে অভিনয় করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
হঠাৎ সেটে ছোটাছুটি শুরু হলে অন্যদের সঙ্গে তিনিও দৌড়াতে থাকেন। এ সময় একটি টেবিলে ধাক্কা লেগে পড়ে যান। পরে পেছনে ফিরে তাকিয়ে দেখতে পান, বিশাল ক্রেনটি তার দিকেই ভেঙে পড়ছে। মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েন অভিনেত্রী। কাজল বলেন, ক্রেনটি তার একেবারে পাশেই আছড়ে পড়ে। ভয়ে তিনি কাঁপছিলেন। দুর্ঘটনার পর কয়েক দিন
আতঙ্কে কাটে তার। তবে বেঁচে ফেরাকে সৌভাগ্য মনে করেন তিনি। এ ঘটনার পর সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আরও গভীর হয়েছে বলেও জানান অভিনেত্রী।
