কথা ছিল দীর্ঘদিন পর নতুন গানের অ্যালবাম প্রকাশ করবেন। কনসার্টে অংশ নেবেন গিটার হাতে। কিন্তু সেই ফেরা আর হলো না। তার আগেই চলে গেলেন ‘রোকযানা’খ্যাত গায়ক এবং ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা শেখ সাহেদ আলী। দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভোগার পর শুক্রবার সকাল ১০টা ০৫ মিনিটে রাজধানীর পুরান ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। কিডনির অসুস্থতার পাশাপাশি স্ট্রোক, ডেঙ্গু ও বিভিন্ন সংক্রমণে আক্রান্ত ছিলেন সাহেদ। নিয়মিত ডায়ালাইসিসের মাধ্যমেও শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না। এর আগে গত ২৪শে অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়।
বৃহস্পতিবার দেয়া হয় লাইফ সাপোর্ট। তবে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন এই সংগীতশিল্পী। গতকাল বাদ আসর রাজধানীর গোপীবাগ আড়াই লেনের বায়তুন নূর জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার শেষ ইচ্ছা অনুযায়ী গোপীবাগ পঞ্চায়েত কমিটির কবরস্থানে মায়ের কবরের পাশে তার দাফন সম্পন্ন হয়। জীবনের শেষ সময়েও সংগীত নিয়ে নানা স্বপ্ন ছিল সাহেদের। দীর্ঘ ১১ বছর ধরে তৈরি করা ২৪টি নতুন গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। পরিকল্পনা ছিল জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড বাজারে আনার। কিডনি প্রতিস্থাপনের জন্য দিল্লি যাওয়ার প্রস্তুতিও ছিল। কিন্তু তা আর হলো না।
নব্বইয়ের দশক থেকে সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন সাহেদ। ১৯৯১ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘প্রভু’। পরে আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন। ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’সহ বেশ কিছু গানের মাধ্যমে শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছিলেন তিনি।
