বাংলাদেশের মঞ্চ নাটক, টিভি নাটক ও সিনেমার প্রখ্যাত অভিনেত্রী মোমেনা চৌধুরী দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন নাট্যকার এবং নাট্যসংগঠক হিসেবেও পরিচিত। তার নতুন মঞ্চ নাটক ‘গোধূলি বেলায়’। এটি মোমেনা চৌধুরী রচিত এবং একক অভিনীত একটি প্রশংসিত মঞ্চ নাটক। এটি তার নাট্যদল শূন্যন রেপার্টরি থিয়েটারের পঞ্চম প্রযোজনা এবং নাটকটির নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। নাটকের কাহিনী ও মূলভাব হলো- নাটকটিতে এক বৃদ্ধা মায়ের নিঃসঙ্গতা এবং জীবনের না বলা যন্ত্রণার গল্প ফুটে উঠেছে।
৫০তম বিবাহবার্ষিকীর দিনে এক পার্কে বসে তিনি স্মৃতির জগতে ডুবে যান, যেখানে সংসার ও মাতৃত্বের আড়ালে থাকা দীর্ঘদিনের চাপা কান্না ও নীরব প্রতিবাদ উঠে আসে। মূলত ২০২৫ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। পরবর্তীতে ২০২৫ সালের আগস্ট থেকে ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বনানীর যাত্রাবিরতি, বিশ্বসাহিত্য কেন্দ্র এবং রংপুরসহ দেশের বিভিন্ন মঞ্চে এটি নিয়মিত প্রদর্শিত হয়। সেই ধারাবাহিকতায় আজ সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার সেগুনবাগিচাস্থ ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র স্টুডিও থিয়েটারে নাটকটির ১৪তম মঞ্চায়ন হবে।
মোমেনা চৌধুরী বলেন, আপনাদের সবাইকে ‘গোধূলি বেলায়’ দেখার আমন্ত্রণ রইলো। সপরিবারে নাটকটি উপভোগ করতে পারেন। দেশ-বিদেশে নাটকটির মঞ্চায়নে দর্শকের যে ভালোবাসা পেয়েছি, তাতে আমি মুগ্ধ। দর্শকের প্রতি সেই ভালোবাসা এবং আস্থা রেখেই আবারো নাটকটির মঞ্চায়ন করতে যাচ্ছি। আশা করছি, মঞ্চ নাটকপ্রেমী দর্শকদের সঙ্গে আজ দেখা হবে, প্রদর্শনী শেষে কথা হবে।
