সিরাজগঞ্জের তাড়াশে অজ্ঞাত উৎস থেকে এক কোটি ৩৫ লাখ ৯৯ হাজার ৯৯০টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ব্যবসায়ী হেলাল হোসেন (৫৩) ও তার স্ত্রী শেফালী খাতুন খুসিকে (৪৩) কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার দুপুরে পাবনার সিনিয়র স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মো. আক্তারুজ্জামানের আদালতে তারা জামিন চেয়ে আত্মসমপর্ণ করেন। পরে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠান। হেলাল হোসেন তাড়াশ উপজেলার ঘরগ্রাম পূর্বপাড়া মহল্লার মৃত মোজাম্মেল হকের ছেলে।
পাবনার সিনিয়র স্পেশাল জজ আদালত ও দুদক সূত্র মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেন। তারা জানান, শেফালী খাতুন খুসি একজন গৃহিণী। অথচ এক কোটি ৯ লাখ ৫৭ হাজার ৯১৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক তিনি। তার স্বামী হেলাল হোসেন একজন মাছের আড়ৎদার। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে ২০২৫ সালের ১লা জানুয়ারি দুদক পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। এ মামলার একটিতে হেলাল হোসেনকে প্রধান ও অন্যটিতে দ্বিতীয় আসামি করা হয়। আজ তারা আদালতে জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা করা হয়। পরে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, হেলাল হোসেন দুদকে দাখিল করা সম্পদ বিবরণী অনুযায়ী ২৬ লাখ ৪২ হাজার ৭৩ টাকা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। অপর মামলার প্রধান আসামি শেফালী খাতুন খুসি। স্বামী হেলাল হোসেন দ্বিতীয় আসামি। এ মামলায় দুদকে দাখিল করা সম্পদ বিবরণী অনুযায়ী ২১ লাখ ৪৪ হাজার ৫৩৩ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন ও ৮৮ লাখ ১৩ হাজার ৩৮৪ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ ভোগ দখলে রেখেছেন স্ত্রী শেফালী খাতুন। এতে হেলাল হোসেন তার অসাধু উপায়ে উপার্জিত অর্থ দ্বারা তার স্ত্রীর নামে উক্ত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে প্রত্যক্ষভাবে সহায়তা করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এরআগে, ২০২২ সালের ৯ মার্চ সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় ১৩৮ গ্রাম হিরোইন ও ২৯ পিস ইয়াবা নিয়ে র্যাব-১২ এর হাতে গ্রেফতার হন হেলাল হোসেন। সম্প্রতি ওই মামলায় তিনি জামিনে রয়েছেন।
অবৈধ সম্পদ অর্জন
সিরাজগঞ্জে ব্যবসায়ী হেলাল দম্পতি কারাগারে
সিরাজগঞ্জ প্রতিনিধি
১৬ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
