কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির ঘটনায় অস্ট্রেলিয়ার পুরো দল অবগত ছিল—উসমান খাজার এমন দাবিতে উত্তাল ক্রিকেটাঙ্গন। তবে সাবেক সতীর্থের এই দাবি সরাসরি নাকচ করেছেন অধিনায়ক প্যাট কামিন্স। তার দাবি, অভিযোগটি ‘১০০ শতাংশ ভুল’ এবং ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও অবাস্তব’।
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ২০১৮ সালের সেই বহুল আলোচিত বল বিকৃতি কাণ্ড নিয়ে নতুন করে উত্তপ্ত অস্ট্রেলিয়ার ক্রিকেট। নিজের বইয়ে খাজা দাবি করেছেন, স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি দলের সবাই জানতেন। তবে সেই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স।
শুক্রবার সিডনির ক্রিকেট সেন্ট্রালে সংবাদ সম্মেলনে প্রায় ৬৮ মিনিট ধরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কামিন্স। এ সময় খাজার অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘তিনি যখন বলেন, আমরা সবাই জানতাম, তখন যদি তার অর্থ হয় মাঠে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি আমরা জানতাম, তাহলে সেটি ১০০ শতাংশ ভুল। গত আট বছর ধরেই আমি বলে আসছি, এমন কিছু ঘটছে, তা আমার জানা ছিল না।’
তবে খাজার বইয়ে শুধু দলের সদস্যদের জানার বিষয়টিই নয়, আরও গুরুতর অভিযোগ রয়েছে বলে মনে করেন কামিন্স। অজি অধিনায়ক বলেন, ‘তিনি দাবি করেছেন, আমি এবং আরও কয়েকজন স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির পরিকল্পনার নেপথ্যের কারিগর ছিলাম। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অবাস্তব।’
খাজার প্রতি ব্যক্তিগত সম্পর্কের কথাও তুলে ধরেন কামিন্স। তবে বন্ধুত্বের জায়গা থেকে এমন অভিযোগ মেনে নেয়া কঠিন বলে জানান তিনি। কামিন্স বলেন, ‘উসমান আমার বন্ধু। কিন্তু বন্ধুরা একে অপরের জীবন ও সুনাম নিয়ে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারে না। তার বইয়ে আমার এবং আরও অনেকের জীবন, এমনকি অস্ট্রেলিয়ান ক্রিকেটের সুনাম নিয়েও অসতর্ক মন্তব্য করা হয়েছে।’
২০১৮ সালের অস্ট্রেলিয়া দলের পরিবেশ নিয়েও অবশ্য আত্মসমালোচনা করেন কামিন্স। তার স্বীকারোক্তি, তখন দলের মধ্যে যেকোনো মূল্যে জয়ের মানসিকতা কাজ করতো। পাশাপাশি ছিল ‘কুৎসিত এক অন্ধকার দিক’ এবং খেলোয়াড়দের মধ্যে বিভক্তি। তবে বল বিকৃতির জন্য কোনো পূর্বপরিকল্পিত বৈঠক কিংবা সম্মিলিত উদ্যোগ ছিল না বলে দাবি তার।
কামিন্স আরও বলেন, ‘অবৈধ উপায়ে বলের গতি পরিবর্তনের কোনো মহাপরিকল্পনা ছিল না। এ নিয়ে কোনো দলীয় বৈঠক হয়নি, বোলারদের মধ্যেও এমন কোনো সিদ্ধান্ত ছিল না।’
খাজার দাবি অনুযায়ী, পোর্ট এলিজাবেথ টেস্টেও বল বিকৃতির জন্য স্যান্ডপেপার ব্যবহার করা হয়। বিষয়টি জেনে বিস্ময় প্রকাশ করেছেন কামিন্স। তিনি, ‘এ সপ্তাহে বিষয়টি জানার আগে আমার এ সম্পর্কে কোনো ধারণাই ছিল না। কয়েকজন সতীর্থের সঙ্গে কথা বলেও বুঝেছি, তাদের কাছেও এটি নতুন তথ্য।’
কেপটাউন ঘটনার তদন্তে নিজে সাক্ষাৎকার দিয়েছিলেন বলেও নিশ্চিত করেন কামিন্স। তার দাবি, তদন্তকারীদের কাছে তিনি সব সময় সত্য বলেছেন এবং গত আট বছরে নিজের বক্তব্যে কোনো পরিবর্তন আনেননি।
এদিকে খাজার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার সম্ভাবনাও নাকচ করেছেন অস্ট্রেলীয় অধিনায়ক। যদিও তার কিছু অভিযোগ মানহানিকর হতে পারে বলে তাকে পরামর্শ দেয়া হয়েছে। কামিন্স বলেন, ‘আট বছর পেরিয়ে গেছে। একটা সময় তো সামনে এগোতেই হবে। আমি আইনি পদক্ষেপ নেব না।’
উল্লেখ্য, কেপটাউন টেস্টের বল বিকৃতি কাণ্ডে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে দেয়া শাস্তি নিয়েও প্রশ্ন তোলেন কামিন্স। তার মতে, শাস্তিগুলো ছিল ‘প্রয়োজনের তুলনায় অনেক বেশি কঠোর’। একই সঙ্গে স্মিথের সঙ্গে নিজের সম্পর্ক ভালো রয়েছে এবং আগামী ১২ মাসের পরিকল্পনা নিয়েও দুজন একমত বলে জানান তিনি।
