কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় নিজে বাদী হয়ে মামলাটি করেন নুসরাত তাবাসসুম।
মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের আট নেতার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ফয়সাল মাহমুদ। তিনি জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে তদন্তের স্বার্থে এজাহারে উল্লেখ করা ব্যক্তিদের নাম প্রকাশ করেননি তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার পর নুসরাত তাবাসসুম নিজেই থানায় গিয়ে এজাহার জমা দেন।
মামলার এজাহার অনুযায়ী, ঘটনার সময় নুসরাত তাবাসসুম সংসদ অধিবেশনে অংশ নিতে ঢাকায় ছিলেন। তাঁর পৈতৃক বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে বাবা মোহা. আব্দুল হালিম (৬১), মা মোছা. জহুরা খাতুনসহ পরিবারের অন্য সদস্যরা অবস্থান করছিলেন। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পরপর তিনটি বিকট শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে তারা বসতঘর, উঠান ও আশপাশের বিভিন্ন স্থানে আগুন দেখতে পান। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় বাড়ির প্রায় এক-তৃতীয়াংশ মালামাল, আসবাবপত্র ও প্রয়োজনীয় যন্ত্রপাতি পুড়ে গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া গোয়ালে থাকা তিনটি ছাগল আগুনে মারা যায়। সব মিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মামলার বাদী।
এজাহারে নুসরাত তাবাসসুম অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ই আগস্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেয়ার কারণে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার পরিকল্পনা করে আসছিলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও অপপ্রচার চালানো হচ্ছিল। এর ধারাবাহিকতায় পূর্বপরিকল্পিতভাবে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে তার মা-বাবাকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
