মাদারীপুর থেকে খুলনার নুরাজিম বাহিনীর প্রধানের ভাই রকি গ্রেপ্তার

মাদারীপুর থেকে খুলনার নুরাজিম বাহিনীর প্রধানের ভাই রকি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

খুলনার আলোচিত নুরাজিম বাহিনীর তার আপন ভাই ও বাহিনীর শীর্ষ সদস্য মো. শাহারিয়ার ইসলাম রকি ওরফে রকিকে গ্রেপ্তার করেছে এসআরবি এর যৌথ দল। গতকাল বৃহস্পতিবার বিকেলে মাদারীপুরের শিবচর থানার ডিসি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার সকালে এসআরবি-৬ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ ও এসআরবি-৮ এর একটি যৌথ দল শিবচরের ডিসি রোড এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় রকিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রকি খুলনা মহানগরীর ৮/১ টুটপাড়া ইস্ট সার্কুলার লেনের বাসিন্দা। তিনি মৃত মো. শাহজাহান ও বেবি বেগমের ছেলে। খুলনার পরিচিত সন্ত্রাসী নুরাজিম তার আপন ভাই।

সম্প্রতি খুলনার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চাঁদা দাবিকে কেন্দ্র করে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনায় নুরাজিম বাহিনীর নাম আলোচনায় আসে। এ ছাড়া খুলনা নগরীতে মাদক কারবার, হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে।

এসআরবি সূত্র জানায়, রকির বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় তিনটি হত্যা ও চারটি মাদক মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রকিকে খুলনা মহানগরীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।