বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জের কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। মৃত্যুর এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও তার সাহিত্যকর্ম, নাটক ও চলচ্চিত্র এখনো পাঠক-দর্শকের কাছে সমান জনপ্রিয়। সহজ ভাষায় সাধারণ মানুষের জীবনের গল্প তুলে ধরার অসাধারণ দক্ষতা ছিল হুমায়ূন আহমেদের। প্রেম, বিরহ, হাসি-কান্না, পারিবারিক সম্পর্ক ও মানবমনের জটিল অনুভূতি তার লেখায় পেয়েছে ভিন্ন মাত্রা। ১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়েই সাহিত্যাঙ্গনে আলোচনায় আসেন তিনি। পরে ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘মধ্যাহ্ন’ ও ‘কোথাও কেউ নেই’সহ অসংখ্য জনপ্রিয় উপন্যাস উপহার দেন।
তার সৃষ্টি হিমু, মিসির আলী ও শুভ্র চরিত্র আজও পাঠকের কাছে বিশেষ আকর্ষণ। সাহিত্যচর্চার পাশাপাশি টেলিভিশন নাটকেও রেখেছেন অসামান্য অবদান। ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’ ও ‘আজ রবিবার’ নাটকের মাধ্যমে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। চলচ্চিত্র নির্মাতা হিসেবেও সফল ছিলেন তিনি। ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’ ও ‘ঘেটুপুত্র কমলা’ তার উল্লেখযোগ্য চলচ্চিত্র। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদক। ২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মারা যান এই লেখক। গাজীপুরের নুহাশপল্লীতে তাকে সমাহিত করা হয়। জন্মদিনে ভক্ত-অনুরাগীরা নানা আয়োজনে স্মরণ করছেন প্রিয় লেখককে। তার সৃষ্টিকর্মের মধ্য দিয়েই প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকবেন হুমায়ূন আহমেদ।
