প্লে-ব্যাকে ফিরলেন কুমার বিশ্বজিৎ-কনকচাঁপা

প্লে-ব্যাকে ফিরলেন কুমার বিশ্বজিৎ-কনকচাঁপা

ফন্ট সাইজ:

দীর্ঘ বিরতি ভেঙে আবারো সিনেমার গানে কণ্ঠ দিলেন বরেণ্য সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা। এমডি ইকবাল পরিচালিত ‘নসীব’ সিনেমার ‘রাজকুমারী’ শিরোনামের দ্বৈত গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর দাস। গত ৪ঠা নভেম্বর কনকচাঁপা এবং ১০ই নভেম্বর টরন্টোর স্টুডিওতে কুমার বিশ্বজিৎ গানটির রেকর্ডিং করেন।

দীর্ঘ ৯ বছর পর প্লে-ব্যাকে ফিরলেন কনকচাঁপা। অন্যদিকে, নতুন এ গানের মাধ্যমে বিরতি ভাঙলেন বিশ্বজিৎও। গানটি প্রসঙ্গে এর সুরকার কিশোর দাস বলেন, সংগীত জীবনের আরেকটা প্রাপ্তি। কুমার বিশ্বজিৎ স্যার, কনকচাঁপা আপা ও কবির বকুল ভাইয়ের সঙ্গে আমিও আছি এই ঐতিহাসিক গানে। দীর্ঘ বছর পর প্লে-ব্যাক করলেন দেশের শীর্ষ দুই শিল্পী কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা। আমার বিশ্বাস, গানটি ভালো লাগবে সবার। গানটির গীতিকবি কবির বকুল বলেন, এটি একটি বিশেষ গান। আমার মনে হয় দীর্ঘদিন পর দুই শিল্পীর এ গান ভালো লাগবে শ্রোতাদের।

কুমার বিশ্বজিৎও এ গানটি নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন। গানটি প্রসঙ্গে কনকচাঁপা বলেন, ৯ বছর পর গাইলাম সিনেমার গান। এ সময়ে আমার কাছে অনেক প্রস্তাবই এসেছে গাওয়ার। তবে সেগুলো আমাকে টানেনি। এবার গানটি খুব ভালো লেগে গেছে। আমার মনে হয় শ্রোতাদেরও তাই লাগবে।