বিতর্কে জড়ালেন কারিনা কাপুর

বিতর্কে জড়ালেন কারিনা কাপুর

ফন্ট সাইজ:

দিওয়ালিতে নবাবি সাজে নজর কেড়েছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। তবে সেই সাজসজ্জা ঘিরেই এবার বিতর্কে জড়ালেন এই অভিনেত্রী। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে কারিনাকে আইনি নোটিশ পাঠিয়েছেন কংগ্রেস নেতা আব্বাস হাফিজ। তার দাবি, অভিনেত্রীর গলায় থাকা প্রায় ৪০০ বছরের পুরনো একটি পান্নার লকেটে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা রয়েছে। সেটিকে অলংকার হিসেবে ব্যবহার করায় আপত্তি জানিয়েছেন তিনি।

প্রতি বছর কাপুর পরিবারের দিওয়ালি উদ্যাপনে অংশ নেন বলিউডের তারকারা। এবারো পরিবারের অনুষ্ঠানে নবাবি সাজে হাজির হয়েছিলেন কারিনা। পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই সাজের ছবি ভাগ করে নেন অভিনেত্রী। ছবিতে তার গলায় দেখা যায় ঐতিহাসিক পান্নার লকেট। সেই ছবিকে কেন্দ্র করেই শুরু হয় বিতর্ক। আব্বাস হাফিজ বলেন, লকেটটি একসময় ভোপালের রাজপরিবারের সম্পত্তি ছিল। ভোপালের শাহজাহান বেগম ও সুলতান জাহান বেগম ধর্মীয় বিশ্বাস ও উপাসনার উদ্দেশ্যে এটি তৈরি করিয়েছিলেন। তাই পবিত্র কোরআনের আয়াত খচিত এই লকেটকে ফ্যাশনের গয়না হিসেবে ব্যবহার করা উচিত নয়।

তবে কারিনার পোশাক বা পাগড়ির অলংকার নিয়ে তার আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি। কারিনার ইনস্টাগ্রাম পোস্টটি মুছে ফেলার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি ঘটনার জন্য অভিনেত্রীকে ক্ষমা চাইতে বলেছেন। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেই আবেদনও জানিয়েছেন। তার বক্তব্য, কোনো রাজনৈতিক স্বার্থে নয়, ধর্মীয় বিশ্বাস থেকেই এই পদক্ষেপ। কারিনা দাবি না মানলে আইনজীবীর সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপের কথা ভাববেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন আব্বাস।