সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কিত দক্ষিণ রাঙ্গুনিয়া, চিরুনি অভিযান

সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কিত দক্ষিণ রাঙ্গুনিয়া, চিরুনি অভিযান

ফন্ট সাইজ:

সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলবাজি, আধিপত্য বিস্তার, খুন ও অপহরণের মতো অপরাধের ঘটনায় দীর্ঘদিন ধরে আতঙ্কে রয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকার বাসিন্দারা। বিভিন্ন সময়ে পুলিশের অভিযান, গ্রেপ্তার ও আইনগত পদক্ষেপ নেয়া হলেও কিছুদিন পরিস্থিতি শান্ত থাকার পর আবারও অপরাধমূলক কর্মকাণ্ড ফিরে আসার অভিযোগ রয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা ক্রমেই বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগীদের অনেকেই অপরাধের শিকার হওয়ার পরও ভয়ে অভিযোগ করতে চান না। কেউ কেউ অভিযোগ করলেও অনেকেই নীরব থাকেন। এমন পরিস্থিতিতে কিছু বাসিন্দা গ্রাম ছেড়ে অন্যত্র বসবাস করছেন বলেও জানা গেছে।

সাম্প্রতিক সময়ে সরফভাটা ইউনিয়নে এক কৃষককে হত্যার ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত ২৮শে অক্টোবর উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল সিঙ্গাপুর এলাকার বিলের পাশ থেকে ওই কৃষকের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি নিজের জমির পাকা ধান পাহারা দিতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন বলে অভিযোগ রয়েছে। মরদেহের দুই হাত কনুই থেকে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়।

পূর্বের বিভিন্ন অপরাধের ঘটনা এবং সাম্প্রতিক কৃষক হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত চারজনের মতো আসামি গ্রেপ্তার রয়েছেন বলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা সূত্রে জানা গেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে রিমান্ডেও নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে, এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার পর গত ৬ই নভেম্বর দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন একটি মাদরাসার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে সন্ত্রাস, চাঁদাবাজি ও সাধারণ মানুষের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন স্থানীয় এমপি হুমাম কাদের চৌধুরী।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের এমপি বলেন, রাঙ্গুনিয়ার মাটিতে কোনো অপরাধী ও দখলবাজকে ছাড় দেয়া হবে না। তিনি বলেন, ‘এটি আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়িতে কোনো খারাপ লোকের স্থান হবে না। সরফভাটার মাটিতে অপরাধীদের প্রবেশ ও অবস্থান চিরতরে বন্ধ করা হবে।’

দলীয় পরিচয় ও রাজনৈতিক মতপার্থক্য ভুলে এলাকার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এলাকার শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় দলমত-নির্বিশেষে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এরপর দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন পদুয়া, শিলক, কোদালা ও সরফভাটাসহ বিভিন্ন পাহাড়ি এলাকায় অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গেছে, দীর্ঘদিনের আতঙ্ক কাটিয়ে জনপদে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার প্রত্যাশার মধ্যে এবার ব্যাপকভাবে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরাধী চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিভিন্ন পাহাড়ি এলাকা ও সন্দেহভাজন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে মোবারক টিলা ও আশপাশের এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু হয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, দুপুর থেকে শুরু হওয়া অভিযান চলমান রয়েছে। অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নিয়েছেন। পাহাড়ি জনপদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ অভিযান ঘিরে স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে। ভয় ও অনিশ্চয়তা কাটিয়ে সরফভাটা, শিলক ও পদুয়ার মানুষ আবারও নিজেদের ঘরবাড়িতে নিশ্চিন্তে বসবাসের পরিবেশ ফিরে পাবেন।