হোয়াইট হাউসের কাছে গোলাগুলিতে নিহত ১, আহত অনেকে

হোয়াইট হাউসের কাছে গোলাগুলিতে নিহত ১, আহত অনেকে

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে একটি ভবনে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে গোলাগুলির ঘটনা ঘটেছে। হামলার পর ওই ভবনের ভেতরে অবস্থান নিয়ে নিজেকে অবরুদ্ধ করে রাখে এক বন্দুকধারী।
এতে অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

পুলিশ জানিয়েছে, হামলাকারী এখনো তাদের হেফাজতে আসেনি। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে কৌশলগত সরঞ্জাম ও অস্ত্রসহ মোতায়েন করা হয়েছে।

ডিসি কাউন্সিলের সদস্য ব্রুক পিন্টো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানান, ভিআইডিএ ফিটনেস ক্লাবের ভেতরে ও বাইরে এ গুলির ঘটনা ঘটেছে। এতে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, জিম থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার পরও তিনি আরও কয়েকটি গুলির শব্দ শুনতে পান।

রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটনের লোগান সার্কেল এলাকায় এ ঘটনা ঘটেছে। এলাকাটি হোয়াইট হাউস থেকে প্রায় এক মাইল উত্তর-পূর্বে অবস্থিত।

ঘটনাস্থলের আশপাশের ভবনের ছাদে রাইফেল হাতে অবস্থান নিতে দেখা গেছে পুলিশ সদস্যদের।

এ ছাড়া কয়েক ডজন পুলিশের গাড়ি দিয়ে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। কাছাকাছি একটি ভবনের ছাদে দাঁড়িয়ে অনেককে পুলিশের তৎপরতা পর্যবেক্ষণ করতেও দেখা গেছে।